স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের নির্ধারিত সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীর স্বাক্ষরিত চিঠি গত বুধবার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে পাঠানো হয়। চিঠিতে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরে এলডিসি উত্তরণের প্রস্তুতিমূলক […]
ছবি: সংগৃহীত
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের নির্ধারিত সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীর স্বাক্ষরিত চিঠি গত বুধবার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে পাঠানো হয়।
চিঠিতে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরে এলডিসি উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। এর আগে নির্ধারিত সময় অনুযায়ী, চলতি বছরের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি উত্তরণ হওয়ার কথা ছিল। বর্তমানে এ সংক্রান্ত তৃতীয় পর্যালোচনা প্রক্রিয়াও চলমান রয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, কোভিড-পরবর্তী পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময়কে অর্থনৈতিক পুনরুদ্ধার ও কাঠামোগত সংস্কারের জন্য কাজে লাগানোর পরিকল্পনা থাকলেও এই সময়ে একাধিক বৈশ্বিক সংকট দেশের অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।
বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়া, বিশ্বব্যাপী কঠোর মুদ্রানীতি গ্রহণ, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা এবং বৈশ্বিক মন্দার প্রভাব অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ধাক্কা দিয়েছে। পাশাপাশি শিপিং খাতে সরবরাহ ব্যাহত হওয়া এবং আমদানি-রপ্তানিতে জটিলতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
চিঠিতে আরও বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও বিনিয়োগের গতি কমে যাওয়া, রাজস্ব আদায়ে মন্থরতা এবং জিডিপি প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার কারণে কাঙ্ক্ষিত মাত্রায় কাঠামোগত সংস্কার বাস্তবায়ন সম্ভব হয়নি। ফলে এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় নীতিগত ও অবকাঠামোগত প্রস্তুতি সম্পূর্ণ করা যায়নি।
সরকারের পক্ষ থেকে বলা হয়, বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বাজারে জিএসপি প্লাস সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা এবং প্রধান বাণিজ্য অংশীদারদের নীতিগত পরিবর্তন বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এসব ঝুঁকি মোকাবিলায় বাড়তি সময় প্রয়োজন।
এই প্রেক্ষাপটে তিন বছরের জন্য একটি ‘ক্রাইসিস অ্যাসেসমেন্ট’ পরিচালনার পাশাপাশি এলডিসি উত্তরণের সময়সীমা বাড়ানোর আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকের পর প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত হতে পারে। এরপর সিডিপি তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ চূড়ান্ত করবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী সেপ্টেম্বরে।
উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৫ সালে স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত হয়। এলডিসি মর্যাদার কারণে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ বিভিন্ন বাণিজ্যিক সুযোগ পেয়ে আসছে দেশটি। ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক মূল্যায়নে তিনটি সূচকেই উত্তীর্ণ হওয়ায় ২০২৪ সালে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করা হয়। তবে কোভিড মহামারির প্রভাব বিবেচনায় প্রস্তুতির জন্য আগেই দুই বছর সময় বাড়ানো হয়েছিল।
এর আগে সলোমন দ্বীপপুঞ্জ, মালদ্বীপ ও নেপালের মতো দেশগুলোও প্রাকৃতিক দুর্যোগ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে এলডিসি উত্তরণ সম্পন্ন করতে পারেনি।