কলম্বিয়ায় মৌসুমের এই সময়ে বিরল ও প্রবল বৃষ্টিপাতের কারণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। জাতীয় আবহাওয়া সংস্থা আইডিয়ামের তথ্যমতে, উত্তর আমেরিকা থেকে দ্রুতগতিতে নেমে আসা শীতল বায়ুপ্রবাহ ক্যারিবীয় উপকূলে আঘাত হানায় গত মাসে স্বাভাবিক গড়ের তুলনায় বৃষ্টিপাত প্রায় ৬৪ শতাংশ বেড়েছে। চলতি সপ্তাহে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় […]
কলম্বিয়ায় মৌসুমের এই সময়ে বিরল ও প্রবল বৃষ্টিপাতের কারণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
জাতীয় আবহাওয়া সংস্থা আইডিয়ামের তথ্যমতে, উত্তর আমেরিকা থেকে দ্রুতগতিতে নেমে আসা শীতল বায়ুপ্রবাহ ক্যারিবীয় উপকূলে আঘাত হানায় গত মাসে স্বাভাবিক গড়ের তুলনায় বৃষ্টিপাত প্রায় ৬৪ শতাংশ বেড়েছে।
চলতি সপ্তাহে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিনো প্রদেশে। সেখানে ভূমিধসে সাতজন নিহত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে টানা ভারি বৃষ্টিতে একটি পাহাড়ি ঝিরি হঠাৎ ফুলে ওঠে এবং এর ফলে ভূমিধসে বেশ কয়েকটি বসতবাড়ি কাদামাটির নিচে চাপা পড়ে।
ঘটনার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরাচ্ছেন এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশিতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইউএনজিআরডি জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার প্রভাবে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে কলম্বিয়ায় শুষ্ক ও বর্ষা মৌসুমের স্বাভাবিক ধারাবাহিকতা ভেঙে পড়ছে, ফলে বৃষ্টি ও খরার তীব্রতা অস্বাভাবিকভাবে বাড়ছে।