রাজধানীর কারওয়ান বাজার ও পুরান ঢাকার আগামাসি লেনে সোমবার রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় উভয় স্থানের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের পূর্ব পাশে অবস্থিত কাঠপট্টিতে আগুন লাগে। রাত ১০টা […]
রাজধানীর কারওয়ান বাজার ও পুরান ঢাকার আগামাসি লেনে সোমবার রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় উভয় স্থানের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের পূর্ব পাশে অবস্থিত কাঠপট্টিতে আগুন লাগে। রাত ১০টা ২৮ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
কারওয়ান বাজারের কাঠপট্টিতে একটি পাঁচতলা এল-আকৃতির ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলার বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। ভবনের ২য় থেকে ৫ম তলায় হাগিজ ডায়াপারের গোডাউন এবং আশপাশে কাঠের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। সরু রাস্তা ও আশপাশের কাঠের গুদামের কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে। এতে ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা ব্যবসায়িক সামগ্রী ও আসবাবপত্র পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং পরে আরও ৫টি ইউনিট যুক্ত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও কাঠের গুদাম ঝুঁকির মুখে পড়ে। স্থানীয়রাও প্রাথমিকভাবে পানি ও আগুন নেভানোর সরঞ্জাম দিয়ে সহায়তার চেষ্টা করেন।
এদিকে, একই রাতে পুরান ঢাকার আগামাসি লেনের আগা সাদেক রোডে অবস্থিত একটি সাততলা ভবনের জুতার কারখানায় আগুন লাগে। রাত ১০টা ৪৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। এই অগ্নিকাণ্ডের সময় এলাকাটিতে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।