জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের অভিযোগের ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৩ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। একই আদেশে খুলশী থানার […]
ছবি: সংগৃহীত
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের অভিযোগের ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। একই আদেশে খুলশী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাকলিয়া থানার বর্তমান ওসি মোহাম্মদ সোলাইমানকে।
এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভারের মুখে জাতীয় দলের অফস্পিনার নাঈম হাসানকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পুলিশ সদস্যরা তাকে ডিবি পরিচয়ে হেনস্তা ও মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর নাঈম হাসানের ভাই বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোহেলকে আসামি করা হয়।
অভিযোগের পরপরই অভিযুক্ত দুই পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট সোর্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি ঘটনাটি তদন্তে নামে সিএমপি।
পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, সোনা চোরাচালান সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। তবে অভিযানের ধরন, তথ্যের উৎস এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের আচরণ নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে ওসি আরিফুর রহমানকে ঘিরে অতীতেও বিভিন্ন বিতর্কের কথা সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় তিনি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সে সময় প্রভাবশালী রাজনৈতিক মহলের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
পরে কুমিল্লার দেবিদ্বার থানায় দায়িত্ব পালনকালে এক চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে স্ত্রীর ব্যাংক হিসাবে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগটি প্রকাশ্যে আসার পর পুলিশ সদরদপ্তর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়।
পরবর্তীতে সিএমপির বিশেষ শাখায় কর্মরত থাকার পর তিনি বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তার বিরুদ্ধে ভূমি দখল, মাদক কারবারিদের সহযোগিতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও ওঠে। ভুক্তভোগীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে সহকর্মীদের নিয়ে তার বিভিন্ন বিতর্কিত মন্তব্য এবং এক তালিকাভুক্ত সন্ত্রাসীর সঙ্গে কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরও তিনি সমালোচনার মুখে পড়েন।
নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় সিএমপি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।