সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আজ বৃহস্পতিবার জিয়া উদ্যানে ভিড় করেন বিএনপির নেতা–কর্মী ও সাধারণ মানুষ। শ্রদ্ধা জানিয়ে ফুল দেন অনেকেই, কেউ কেউ মোনাজাতে অংশ নেন। দুপুর ১২টার পর জিয়া উদ্যানের প্রধান ফটক খুলে দেওয়া হয়। এর আগে সকাল থেকেই কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমলেও নিরাপত্তাজনিত কারণে […]
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আজ বৃহস্পতিবার জিয়া উদ্যানে ভিড় করেন বিএনপির নেতা–কর্মী ও সাধারণ মানুষ। শ্রদ্ধা জানিয়ে ফুল দেন অনেকেই, কেউ কেউ মোনাজাতে অংশ নেন।
দুপুর ১২টার পর জিয়া উদ্যানের প্রধান ফটক খুলে দেওয়া হয়। এর আগে সকাল থেকেই কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমলেও নিরাপত্তাজনিত কারণে তখন কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বেলা ১১টা পর্যন্ত উদ্যানের প্রবেশমুখ ও সামনের সড়কে যান চলাচলও নিয়ন্ত্রিত ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যান চলাচল শুরু হয় এবং নির্ধারিত সময়ের পর দর্শনার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়।
প্রবেশের সুযোগ পাওয়ার পর পর্যায়ক্রমে বিএনপির নেতা–কর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। অনেককে কবরের পাশে দাঁড়িয়ে নীরবে দোয়া করতে দেখা যায়। উপস্থিতদের মধ্যে নারী দর্শনার্থীর সংখ্যা ছিল তুলনামূলক বেশি।
জিয়া উদ্যানে আসা মানুষের মধ্যে ঢাকার বাইরের অনেকে ছিলেন। কেউ দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন বলে জানান। মুন্সিগঞ্জ থেকে আসা ফাতেমা শারমিন বলেন, খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকেই তিনি কবর জিয়ারত করতে এসেছেন। পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলামও শ্রদ্ধা নিবেদন করতে উদ্যানে উপস্থিত হন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। গতকাল বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে জিয়া উদ্যানে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে সমাহিত করা হয়।