বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত—৩১ ডিসেম্বর ২০২৫ এবং ১ ও ২ জানুয়ারি ২০২৬—রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ বিষয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক […]
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত—৩১ ডিসেম্বর ২০২৫ এবং ১ ও ২ জানুয়ারি ২০২৬—রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ বিষয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন এই নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। এ প্রেক্ষাপটে তাঁর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে উল্লিখিত তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আগামী শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ তারিখে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।
এর আগে মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথা জানান। একই সঙ্গে তিনি বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণার কথাও জানান।