ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়েছে প্ল্যাটফর্মটি। একই সঙ্গে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে জনগণের সামনে জবাবদিহি করার দাবিও জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় হাদির দাফন শেষে রাজধানীর শাহবাগে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের […]
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়েছে প্ল্যাটফর্মটি। একই সঙ্গে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে জনগণের সামনে জবাবদিহি করার দাবিও জানানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় হাদির দাফন শেষে রাজধানীর শাহবাগে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ আল্টিমেটাম ঘোষণা করেন। কর্মসূচি শেষে আগামী রোববার বিকেল সাড়ে ৫টায় পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চের দুটি স্পষ্ট দাবি রয়েছে। প্রথমত, ওসমান হাদির হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী ও সহায়তাকারী—এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থায় থাকা আওয়ামী লীগের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
একই সঙ্গে তিনি আগামী রোববার বিকালের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে জনগণের সামনে এসে জবাবদিহি করার আহ্বান জানান। অন্যথায় তাঁদের পদত্যাগ করতে হবে বলেও দাবি করেন তিনি।
জাবের বলেন, ওসমান হাদিকে একজন ব্যক্তি খুন করেনি—এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করেছে। আমরা কোনো রাজনৈতিক দলকে অন্ধভাবে সন্দেহের বাইরে রাখছি না, আবার কাউকে পূর্বধারণার ভিত্তিতেও অভিযুক্ত করছি না। তবে ওসমান হাদির যে লড়াই, তা শুধু আওয়ামী লীগের নয়—বাংলাদেশের আরও কিছু রাজনৈতিক শক্তির জন্যও অস্বস্তিকর ছিল।
তিনি বলেন, ওসমান হাদির হত্যার ঘটনার ১৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও রাষ্ট্র এখনো জানাতে পারেনি হত্যাকারীরা কোথায়। এটি রাষ্ট্রীয় ব্যর্থতারই প্রমাণ। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, পরিকল্পনা করেছে, সহায়তা করেছে এবং এর পরিবেশ তৈরি করেছে—তাদের সবাইকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ওসমান হাদির রক্তের বিনিময়ে আমরা ঘোষণা করছি—খুনিদের সঙ্গে কোনো আপস নেই। যারা টকশো কিংবা বিভিন্ন মাধ্যমে খুনিদের পক্ষে বয়ান তৈরি করবে, ইনকিলাব মঞ্চ তাদের পাশে নেই। বাংলাদেশের জনগণই তাদের প্রতিহত করবে। খুনের পক্ষে অবস্থান নেওয়া সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে।
নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জাবের বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন বানচাল করা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ সুগম করতেই এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানো হয়েছে। তারা ভেবেছে, এই মুহূর্তে কোনো রাজনৈতিক নেতাকে হত্যা করলে বড় প্রতিক্রিয়া হবে না। কিন্তু ওসমান হাদিই ছিলেন জনতার প্রকৃত কণ্ঠস্বর, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং জুলাই জাগরণের প্রাণ। তাঁকে হত্যা করলেই রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাবে—এমনটাই তারা ভেবেছে।
তিনি বলেন, গত ১৭ বছরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো মাটির ৪০ ফুট নিচে লুকিয়েও কাউকে খুঁজে বের করতে পেরেছে। তাহলে এখন তারা কেন পারছে না—এই প্রশ্ন থেকেই যায়। আগামী কয়েক দিনের মধ্যে গুম কমিশনের একটি প্রতিবেদন প্রকাশ হতে যাচ্ছে, যেখানে গুম, খুন ও সীমান্তে লাশ ভাসিয়ে দেওয়ার ঘটনাগুলো উঠে আসবে। তাই দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই।
এ সময় তিনি জনগণকে কোনো ধরনের ভাঙচুর বা সহিংসতায় জড়াতে বিরত থাকার অনুরোধ জানান।
বিক্ষোভকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, এপিবিএন ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জলকামান ও এপিসি। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড অভিমুখী সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে দুপুর ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হয়। দাফনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদসহ অনেকে।