শুভ বড়দিন উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ উপলক্ষে একটি সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, […]
শুভ বড়দিন উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ উপলক্ষে একটি সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও এবং জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে খ্রিস্টান ধর্মের নেতারা আন্তর্জাতিক পরিসরে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতি উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর নেতৃত্বে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ যিশু খ্রিস্টের ক্ষমা, মানবপ্রেম ও সেবার আদর্শের কথা তুলে ধরে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ গড়ার যে দায়িত্ব জনগণ ড. ইউনূসের ওপর ন্যস্ত করেছে, তিনি তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে যাচ্ছেন। তিনি একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এই প্রচেষ্টা সফল হওয়ার জন্য প্রার্থনার কথা জানান।
প্রধান উপদেষ্টা উপস্থিত সকলকে বড়দিন ও আগাম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, সমাজের সুস্থতা বোঝার ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান একটি গুরুত্বপূর্ণ সূচক। তিনি একটি সুস্থ ও সমন্বিত সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে জানান, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে।
ড. ইউনূস আরও বলেন, আসন্ন নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। জনগণ গণভোটে যে সিদ্ধান্ত দেবে, ভবিষ্যতে সংসদ সে অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ায় ট্রাস্টের নেতারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই অর্থ দেশজুড়ে প্রায় ৮০০টি চার্চের মধ্যে বিতরণ করা হবে। অনুষ্ঠানের শেষাংশে প্রধান উপদেষ্টা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মিলিতভাবে বড়দিনের কেক কাটেন।