আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য রাষ্ট্র সংস্কার বিষয়ক গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান। পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইতিবাচক সংস্কার ও গঠনমূলক পরিবর্তনের প্রশ্নে তারা ‘হ্যাঁ’-এর […]
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য রাষ্ট্র সংস্কার বিষয়ক গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান। পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইতিবাচক সংস্কার ও গঠনমূলক পরিবর্তনের প্রশ্নে তারা ‘হ্যাঁ’-এর পক্ষে রয়েছেন।
তবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের প্রতিটি ধাপ এমনভাবে সম্পন্ন করতে হবে, যাতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সমুন্নত থাকে এবং কোনো ধরনের বিচ্যুতি না ঘটে। একই সঙ্গে চূড়ান্ত সংস্কার প্রক্রিয়ায় প্রতিনিধিত্বশীল আলেম সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাকে নির্বাচিত সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে যেন নির্বিচারে যেকোনো পরিবর্তন নয়; বরং এটি হওয়া উচিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে কল্যাণকর পরিবর্তনের প্রতি অঙ্গীকার।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। এদিন ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দুটি পৃথক ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।