সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:০৪ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬

গভীর রাতে হাসিনার সঙ্গে গোপন বৈঠক করতেন ১/১১-এর কুশীলবেরা

বিতর্কিত ওয়ান-ইলেভেন সরকারের সময় শেখ হাসিনার সঙ্গে সমঝোতার জন্য রাতের অন্ধকারে গোপন বৈঠক করতেন ওই সরকারের কুশীলবেরা। শেখ হাসিনা কারামুক্ত না হওয়া পর্যন্ত মাঝেমধ্যেই এ ধরনের বৈঠক হতো বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। বৈঠকগুলোর সমন্বয়ের দায়িত্বে ছিলেন তৎকালীন ডিজিএফআই পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিন। রিমান্ডে দেওয়া তথ্যে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন […]

গভীর রাতে হাসিনার সঙ্গে গোপন বৈঠক করতেন ১/১১-এর কুশীলবেরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

বিতর্কিত ওয়ান-ইলেভেন সরকারের সময় শেখ হাসিনার সঙ্গে সমঝোতার জন্য রাতের অন্ধকারে গোপন বৈঠক করতেন ওই সরকারের কুশীলবেরা। শেখ হাসিনা কারামুক্ত না হওয়া পর্যন্ত মাঝেমধ্যেই এ ধরনের বৈঠক হতো বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। বৈঠকগুলোর সমন্বয়ের দায়িত্বে ছিলেন তৎকালীন ডিজিএফআই পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিন। রিমান্ডে দেওয়া তথ্যে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী দাবি করেন, ভারতের পরিকল্পনায় ১/১১ সরকারের প্রধান কুশীলব সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদ ও ফখরুদ্দীন আহমদের পক্ষ থেকে এ টি এম আমিন সমন্বয় করতেন। তবে তিনি নিজে ওই গোপন বৈঠকগুলোতে অংশ নিতেন না বলে দাবি করেন।

পল্টন থানার মানব পাচার মামলায় প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল রোববার মাসুদ উদ্দিন চৌধুরীর আবারও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রায়হানুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

অন্যদিকে, ওয়ান-ইলেভেন সরকারের আরেক কুশীলব হিসেবে পরিচিত ডিজিএফআইয়ের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ রিমান্ডে নানা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার পরও একই ধরনের বক্তব্যই বারবার পুনরাবৃত্তি করছেন বলে জানা গেছে। রিমান্ডে তিনি দাবি করেন, ২০০৭-০৮ সালের সময়কার ১/১১ সরকারের সময়ে তিনি বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন এবং তার কারামুক্তিতেও ভূমিকা রেখেছিলেন।

গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়। আজ ৩০ মার্চ তার প্রথম দফার রিমান্ড শেষ হচ্ছে এবং দ্বিতীয় দফায় তাকে আবারও জিজ্ঞাসাবাদে নেওয়া হতে পারে বলে জানা গেছে।

শেখ হাসিনার শাসনামলে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআই প্রধান থাকার সময় সাধারণ মানুষ, রাজনীতিক এবং বরেণ্য সাংবাদিকদের ওপর নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সেনা কর্মকর্তাদের জলসিঁড়ি আবাসন প্রকল্পের দায়িত্ব পাওয়ার পর দুর্নীতির মাধ্যমে এক হাজার এক কোটি ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগও আছে তার বিরুদ্ধে। ১/১১ সরকারের সময়ে চাঁদাবাজির মাধ্যমে কয়েকশ কোটি টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। তবে তদন্তকারীদের প্রশ্নের জবাবে মামুন খালেদ এসব অর্থ লোপাটের বিষয় অস্বীকার করেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, তিনি বিএনপি, জিয়া পরিবার এবং তারেক রহমানের পক্ষে কাজ করেছেন। তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনায়ও তিনি সরাসরি অন্য কর্মকর্তাদের দায়ী করার আগের অবস্থানই পুনরায় তুলে ধরেন। এর আগে তিনি তদন্তকারীদের কাছে ১/১১ সরকারের মূল পরিকল্পনাকারী হিসেবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’–এর নামও উল্লেখ করেছিলেন বলে সূত্র জানিয়েছে।

তার দাবি অনুযায়ী, ২০০৬ সালে বিএনপি সরকারের শেষ দিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও তৎকালীন ডিজিএফআইয়ের কিছু কর্মকর্তার সমন্বয়ে ১/১১ পরিকল্পনা শুরু হয়। পরে জাতিসংঘের তৎকালীন আবাসিক অফিসের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘের নামে ভুয়া চিঠি তৈরির কথাও তিনি রিমান্ডে বলেছেন। পরিকল্পনা অনুযায়ী তৎকালীন সেনাপ্রধান বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মাসুদ উদ্দিন চৌধুরীকে নিয়ে ক্ষমতা দখল করেন বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য, বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরিকল্পনা নিয়েই ১/১১ সরকার গঠন করা হয়েছিল। তিনি কর্নেল (অব.) অলির যোগসাজশের কথাও উল্লেখ করেন।

একই সঙ্গে বিদেশে শ্রমিক পাঠানোর নামে তার ‘ফাইভ এম ইন্টারন্যাশনাল’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকারও বেশি অর্থ পাচারের মামলাও হয়েছে। দুদক সে মামলা তদন্ত করছে।

গতকাল রোববার আদালতে ঢাকা মহানগর প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, মামলার এজাহারে মাসুদ উদ্দিনের নাম রয়েছে এবং তিনি এই চক্রের সঙ্গে জড়িত। ১/১১ সময় তিনি ব্যবসায়ী ও রাজনীতিকদের হেনস্তা করতেন। ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় আনতে তিনি সহযোগিতা করেছেন। বিনিময়ে তিনি এমপি হয়েছেন, ব্যবসা করেছেন এবং নানা সুবিধা পেয়েছেন। তাই তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানিতে আরও বলা হয়, বাদী আলতাব খান ‘আফিয়া ওভারসিজ’ নামের রিক্রুটিং এজেন্সির মালিক হিসেবে দীর্ঘদিন ব্যবসা করছিলেন। ১ ও ২ নম্বর বিবাদীসহ একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র বিদেশের শ্রমবাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে ফেলে। সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ৭৯ হাজার ৪৯০ টাকা হলেও এই সিন্ডিকেট প্রতি শ্রমিকের কাছ থেকে অতিরিক্ত দেড় লাখ টাকা আদায় করত। বাদীকে টিকে থাকতে হলে ওই সিন্ডিকেটের মাধ্যমেই কাজ করতে বাধ্য করা হতো। এভাবে ৮৪১ জন কর্মীর বিপরীতে বাদীর কাছ থেকে জোর করে ১২ কোটি ৫৬ লাখ এক হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। পাশাপাশি আরও ২০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতির কথাও বলা হয়। অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাছ থেকে এ চক্র প্রায় ২৪ হাজার কোটি টাকা চাঁদা আদায় করেছে।

মামলায় আরও অভিযোগ আছে, বিবাদীপক্ষ বিভিন্ন দেশে শ্রমিক পাঠিয়ে তাদের আটকে রাখা, কাজ না দেওয়া, বেতন না দেওয়া এবং জোরপূর্বক শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। বহু শ্রমিক মানবেতর অবস্থায় শ্রমশোষণের শিকার হয়েছেন।

ডিবির তদন্ত কর্মকর্তা এসআই মো. রায়হানুর রহমান আদালতকে জানান, আগের পাঁচ দিনের রিমান্ডে কিছু তথ্য পাওয়া গেলেও আসামি অনেক গুরুত্বপূর্ণ বিষয় কৌশলে এড়িয়ে গেছেন। বিশেষ করে পাওয়ার অব অ্যাটর্নি পাওয়া এজেন্সি নির্বাচন, এফডব্লিউসিএমএস-এর কার্যক্রম, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মালয়েশিয়ায় পাঠানো কর্মীদের প্রকৃত তথ্য এবং আত্মসাৎ করা বিপুল অর্থ উদ্ধারের বিষয়ে তাকে আবারও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ