গাজার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ সরাতে গিয়ে ২১ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করেছে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। একই সঙ্গে আরেকটি ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে চাপা পড়ে থাকা আরও অন্তত ৪০ জনের মরদেহ উদ্ধারে অভিযান শুরু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে এসব তথ্য জানিয়েছেন। মাহমুদ বাসাল জানান, পূর্ব গাজা […]
ছবি: সংগৃহীত
গাজার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ সরাতে গিয়ে ২১ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করেছে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। একই সঙ্গে আরেকটি ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে চাপা পড়ে থাকা আরও অন্তত ৪০ জনের মরদেহ উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে এসব তথ্য জানিয়েছেন।
মাহমুদ বাসাল জানান, পূর্ব গাজা সিটির ‘আসকুলা’ এলাকার ‘বাতনিজি’ পরিবারের ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। একইভাবে পশ্চিম গাজার ‘কাতিবা’ এলাকার ‘ঘারবিয়া’ পরিবারের বাড়ির ধ্বংসাবশেষ থেকে আরও ৯ জনের দেহাবশেষ পাওয়া যায়।
দুটি স্থানে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শেষ করার পর উদ্ধারকারীরা নতুন একটি অবস্থানের তথ্য পান। সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়িটির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ আটকে রয়েছে।
তথ্য পাওয়ার পরপরই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহগুলো উদ্ধারে কাজ করছেন সিভিল ডিফেন্সের সদস্যরা।
গাজায় দীর্ঘদিনের সংঘাতের কারণে বহু ভবন ধ্বংস হয়ে গেছে। এসব ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হতাহতদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি