চলমান সংঘাতে গাজা অঞ্চলে নারী ও কন্যাশিশুদের প্রাণহানি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে নারী ও শিশুদের মৃত্যুর হার অত্যন্ত উদ্বেগজনক। জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের নারীবিষয়ক শাখার মুখপাত্র সোফিয়া কলটর্প জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত হামলা ও সামরিক অভিযানে প্রায় ৩৮ হাজারের বেশি […]
ছবি: সংগৃহীত
চলমান সংঘাতে গাজা অঞ্চলে নারী ও কন্যাশিশুদের প্রাণহানি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে নারী ও শিশুদের মৃত্যুর হার অত্যন্ত উদ্বেগজনক।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের নারীবিষয়ক শাখার মুখপাত্র সোফিয়া কলটর্প জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত হামলা ও সামরিক অভিযানে প্রায় ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন। এর মধ্যে ২২ হাজারের বেশি নারী এবং প্রায় ১৬ হাজার শিশু রয়েছে।
তিনি বলেন, এই সময়টিতে গড়ে প্রতিদিন অন্তত ৪৭ জন নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন। পাশাপাশি হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন, যাদের অনেকেই স্থায়ী শারীরিক ক্ষতির ঝুঁকিতে রয়েছেন।
সংঘাতের প্রভাবে গাজায় পারিবারিক ও সামাজিক কাঠামোতেও বড় পরিবর্তন এসেছে। বহু পরিবারে উপার্জনক্ষম সদস্য হারিয়ে যাওয়ায় নারীদেরই পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে। কিন্তু আয়, সহায়তা ও মৌলিক সেবার অভাবে তারা চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।
এছাড়া দীর্ঘদিনের সংঘাতে প্রায় ১০ লাখ নারী ও কন্যাশিশু বারবার বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্যসংকটও তীব্র আকার ধারণ করেছে, ফলে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, এই সংঘাত শুধু প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি একটি গভীর মানবিক ও সামাজিক সংকটে রূপ নিচ্ছে, যার দীর্ঘমেয়াদি প্রভাব ভয়াবহ হতে পারে।