গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে উপত্যকাটির তদারকির দায়িত্ব ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত ‘শান্তি পর্ষদ’। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন পর্ষদের জ্যেষ্ঠ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ। চিঠিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল প্রতিশ্রুতি পূরণে উদ্যোগ না নিলে গাজার পুনর্গঠন তদারকির ম্যান্ডেট […]
ছবি: সংগৃহীত
গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে উপত্যকাটির তদারকির দায়িত্ব ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত ‘শান্তি পর্ষদ’। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন পর্ষদের জ্যেষ্ঠ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ। চিঠিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল প্রতিশ্রুতি পূরণে উদ্যোগ না নিলে গাজার পুনর্গঠন তদারকির ম্যান্ডেট জাতিসংঘের কাছে ফিরিয়ে দিতে পারে পর্ষদ।
ইসরায়েলের একজন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও দুই ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) নেতানিয়াহুর কাছে চিঠিটি পাঠানো হয়।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, চিঠিতে ম্লাদেনভ স্পষ্ট করেছেন, গাজা নিয়ে নেতানিয়াহুর কাছ থেকে নতুন কোনো ছাড় চাইছে না শান্তি পর্ষদ। বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানের ২০ দফা পরিকল্পনা এবং ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। এসব পরিকল্পনায় নেতানিয়াহু আগেই সম্মতি দিয়েছিলেন।
প্রতিশ্রুতির মধ্যে রয়েছে গাজায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী মানবিক সহায়তা পৌঁছানো এবং হামাসের পরিবর্তে উপত্যকার প্রশাসন ও নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য নির্ধারিত প্রতিষ্ঠানগুলোকে কাজ শুরু করতে দেওয়া।
গাজা পরিচালনার প্রস্তুতি থাকলেও আটকে আছে কার্যক্রম
গাজা পরিচালনার জন্য ইতোমধ্যে ফিলিস্তিনি বিশেষজ্ঞদের নিয়ে একটি সরকার গঠন করেছে শান্তি পর্ষদ। কয়েক হাজার ফিলিস্তিনিকে নিয়োগের জন্য আবেদন নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে দায়িত্ব পালনের জন্য শত শত মরক্কোর সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তবে এসব প্রস্তুতি সত্ত্বেও গাজা পরিচালনার জাতীয় কমিটি (এনসিএজি) এখনো উপত্যকায় প্রবেশ করতে পারেনি। পুলিশ বাহিনীর প্রশিক্ষণও মিসরে শুরু হয়নি। আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীও এখনো গাজায় মোতায়েন করা সম্ভব হয়নি। এসব সংস্থার কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় অনুমোদন দিতে নেতানিয়াহু সরকার অস্বীকৃতি জানিয়ে আসছে।
চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে হামাসের পক্ষ থেকেও বাধা ছিল। অস্ত্রসমর্পণের বিষয়ে আলোচনায় গড়িমসি করছিল গোষ্ঠীটি। তবে শেষ পর্যন্ত গত ৩০ জুলাই শান্তি পর্ষদের নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি দেয় হামাস।
অন্যদিকে ধাপে ধাপে নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল। অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নিতে গঠিত সংস্থাগুলোর কার্যক্রমও আটকে রেখেছে দেশটি।
নির্বাচনের পর ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে পর্ষদ
গত কয়েক মাস ধরে নেতানিয়াহু সরকারের ওপর প্রকাশ্যে কঠোর চাপ প্রয়োগ করা থেকে বিরত ছিল শান্তি পর্ষদ। ধারণা করা হচ্ছিল, নির্বাচনী প্রচারের সময় এমন পদক্ষেপ নেওয়া হলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নেতানিয়াহুকে দুর্বল হিসেবে তুলে ধরার সুযোগ পেতে পারেন।
তবে গত ২৭ অক্টোবরের নির্বাচন শেষ হওয়ার পরও ইসরায়েলে সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত ফল আসেনি। এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি অপেক্ষার নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে শান্তি পর্ষদ। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনাও জোরালো করেছে পর্ষদের কর্মকর্তারা।
শান্তি পর্ষদ গঠনের অন্যতম উদ্যোক্তা জ্যারেড কুশনার চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, গাজা নিয়ে অবস্থান পরিবর্তন না করলে ইসরায়েল বিশ্বজুড়ে ‘একঘরে রাষ্ট্রে’ পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।
পর্ষদের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবামও হুঁশিয়ারি দিয়েছেন, ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের বাধা অব্যাহত থাকলে গাজার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব ফিরিয়ে দেওয়া হবে। সে ক্ষেত্রে উপত্যকার প্রায় ২০ লাখ বাসিন্দার দেখভালের দায়িত্ব নিতে হবে ইসরায়েল, হামাস, জাতিসংঘ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ কিংবা তাদের মধ্যে গড়ে ওঠা কোনো সমন্বিত ব্যবস্থাকে।
ম্লাদেনভের চিঠির বক্তব্যও মূলত গ্রুয়েনবামের সতর্কবার্তার মতোই ছিল বলে জানিয়েছেন ওই তিন সূত্র।
২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব, আগেই ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি
২০২৫ সালের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার প্রতি সমর্থন জানায়। একই সঙ্গে ২০২৭ সালের শেষ পর্যন্ত গাজার যুদ্ধ-পরবর্তী রূপান্তর প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয় শান্তি পর্ষদকে।
তবে ইসরায়েল গাজার পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিতে থাকলে নির্ধারিত সময়ের আগেই সেই দায়িত্ব জাতিসংঘের কাছে ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ম্লাদেনভ। যদিও চিঠিতে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
তিন সূত্রের দাবি, চিঠি পাঠানোর পরের কয়েক দিনে নেতানিয়াহুর অবস্থান পরিবর্তনের কিছু ইঙ্গিত পেয়েছে শান্তি পর্ষদ। এর মধ্যে জ্যারেড কুশনারের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওই আলোচনায় তিনি ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল উদ্যোগ নেবে বলে জানিয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, রোববার দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠকে গাজা নিয়ে কয়েকটি পদক্ষেপ অনুমোদনের জন্য তোলা হবে। এর মধ্যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়টিও রয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোমবার ম্লাদেনভের ব্রিফিংয়ের আগে অগ্রগতির প্রমাণ দেখাতে চায় ইসরায়েল বলে জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তা।
যুদ্ধবিরতি লঙ্ঘন ও বেসামরিক প্রাণহানি নিয়ে উদ্বেগ
এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়ার অভিযোগে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে ইসরায়েলি সেনাদের ওপর তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে এ ধরনের হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
শান্তি পর্ষদের সঙ্গে আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, সব হামলার ক্ষেত্রেই লক্ষ্যবস্তু ব্যক্তিরা তাৎক্ষণিক হুমকি তৈরি করছিলেন বলে মনে করেন না যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বেসামরিক মানুষের প্রাণহানি বাড়তে থাকায় তারা উদ্বেগও জানিয়েছেন।
ওই সূত্রের মতে, ইসরায়েলের অব্যাহত হামলা নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। কারণ, হামাসের সদস্যরা যদি মনে করেন অস্ত্র জমা দিলেও তাদের হত্যা করা হবে, তাহলে তারা অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহ হারাতে পারেন।
তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল