যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে মিসিসিপি উপকূলের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই শিশুসহ বিমানের ছয় আরোহীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সেসনা ২১০ মডেলের বিমানটি মিসিসিপির পাসকাগৌলা ও হর্ন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র এলাকায় বিধ্বস্ত হয়। কোস্টগার্ডের মুখপাত্র জুয়ান রোস জানিয়েছেন, নিহত দুই শিশুর একজনের বয়স ৮ বছর […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে মিসিসিপি উপকূলের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই শিশুসহ বিমানের ছয় আরোহীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সেসনা ২১০ মডেলের বিমানটি মিসিসিপির পাসকাগৌলা ও হর্ন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র এলাকায় বিধ্বস্ত হয়।
কোস্টগার্ডের মুখপাত্র জুয়ান রোস জানিয়েছেন, নিহত দুই শিশুর একজনের বয়স ৮ বছর এবং অন্যজনের ১০ বছর।
স্থানীয় সময় দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল এলাকার আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানায়। বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিল।
খবর পেয়ে কোস্টগার্ডসহ একাধিক সংস্থা উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা তল্লাশির পর উদ্ধারকারীরা পানিতে তিনটি লাইফ জ্যাকেট ও একটি লাইফ র্যাফট ভাসতে দেখেন। পরে পানিতে ভাসমান বিমানটির ভেতর থেকে ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়।
নিউ অরলিন্সভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউভিইউই জানিয়েছে, বিমানটির যাত্রীরা লুইজিয়ানার ভেনিসে ছুটি কাটিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।
কোস্টগার্ডের মোবাইল এলাকার সার্চ অ্যান্ড রেসকিউ সমন্বয়ক কমডোর ট্রেভর ব্লোন্ট বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি তাঁদের প্রত্যাশিত ছিল না। তবে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিমানের আরোহীদের মরদেহ উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর দক্ষিণ ফ্লোরিডায় আরেকটি ছোট বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় পাইলটসহ বিমানের নয় আরোহীর সবাই প্রাণ হারান।
তথ্যসূত্র: ডব্লিউভিইউই