ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া নিয়ে সম্প্রতি তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে নতুন ব্যাখ্যা দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। সংস্থাটি জানিয়েছে, গ্রিন কার্ডের আবেদনকারী অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ত্যাগ করে নিজ দেশে ফিরে যেতে হবে না। কেবল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অভিবাসন কর্মকর্তারা আবেদনকারীকে দেশের বাইরে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ […]
ছবি: সংগৃহীত
ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া নিয়ে সম্প্রতি তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে নতুন ব্যাখ্যা দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। সংস্থাটি জানিয়েছে, গ্রিন কার্ডের আবেদনকারী অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ত্যাগ করে নিজ দেশে ফিরে যেতে হবে না। কেবল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অভিবাসন কর্মকর্তারা আবেদনকারীকে দেশের বাইরে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিতে পারবেন।
গত সপ্তাহে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) একটি ঘোষণায় জানিয়েছিল, গ্রিন কার্ডের আবেদনকারীদের সাধারণভাবে নিজ দেশে ফিরে গিয়ে অপেক্ষা করতে হবে এবং বিশেষ পরিস্থিতিতে কেবল যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ দেওয়া হবে। ওই ঘোষণার পর দেশজুড়ে অভিবাসীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়।
শুক্রবার ডিএইচএস এক ব্যাখ্যায় জানায়, এটি কোনো নতুন বা ব্যাপক নীতিগত পরিবর্তন নয়। বরং দীর্ঘদিন ধরে বিদ্যমান একটি ক্ষমতার বিষয়টি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কোন আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্মকর্তার মূল্যায়নের ওপর নির্ভর করবে।
ডিএইচএসের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিটি আবেদন পৃথকভাবে বিবেচনা করা হবে। অনেক ক্ষেত্রেই আবেদনকারীরা আগের মতো যুক্তরাষ্ট্রে অবস্থান করেই তাদের গ্রিন কার্ডের অনুমোদনের জন্য অপেক্ষা করতে পারবেন। তবে যেসব ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন কিংবা নির্দিষ্ট কিছু ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিতে পড়েন, তাদের ক্ষেত্রে কর্মকর্তারা ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন।
অভিবাসন সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক নির্দেশনার ভাষা এতটাই অস্পষ্ট ছিল যে অনেক আবেদনকারী এবং এমনকি সরকারি কর্মকর্তারাও এর প্রকৃত অর্থ নিয়ে বিভ্রান্তিতে পড়েছিলেন। চলতি সপ্তাহে বিভিন্ন সাক্ষাৎকারে আবেদনকারীদের জিজ্ঞাসা করা হয়েছে তারা কেন যুক্তরাষ্ট্রের ভেতর থেকে আবেদন করছেন এবং নিজ দেশে ফিরে আবেদন করতে তাদের কোনো বাধা রয়েছে কি না।
অভিবাসন নীতি বিশ্লেষক ও সাবেক ইউএসসিআইএস কর্মকর্তা সারাহ পিয়ার্স বলেন, জনমনে উদ্বেগ তৈরি হওয়ার পর প্রশাসন ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে। তার মতে, স্পষ্ট নীতির অভাবই এই বিভ্রান্তির মূল কারণ।
আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক বেঞ্জামিন জনসন বলেন, নির্দেশনার প্রকৃত পরিধি পরিষ্কার না হওয়ায় এর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জও জটিল হয়ে পড়েছে। কীভাবে এবং কারা প্রভাবিত হবেন, সে বিষয়ে এখনও পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
ব্যবসায়ী মহলেও এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ইউএস চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট নীল ব্র্যাডলি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য শক্তিশালী ও কার্যকর আইনি অভিবাসন ব্যবস্থা অপরিহার্য। তিনি সতর্ক করে বলেন, যদি দক্ষ কর্মীদের দেশত্যাগে বাধ্য করা হয়, তবে তা ব্যবসা ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ১৪ লাখ মানুষ গ্রিন কার্ড পেয়েছেন। এর মধ্যে প্রায় ৮ লাখ ২০ হাজার আবেদনকারী ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থান করেই স্থায়ী বাসিন্দার মর্যাদা অর্জন করেছেন। এই ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান, পারিবারিক স্পনসরশিপ কিংবা মানবিক কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিরা দেশের ভেতর থেকেই আবেদন করতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, নতুন নির্দেশনার সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পারিবারিক স্পনসরশিপের মাধ্যমে আবেদনকারীদের ওপর। কারণ তাদের অনেকেরই আলাদা কর্মসংস্থানভিত্তিক ভিসা থাকে না। অতীতে বহু ব্যক্তি সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে পরবর্তীতে মার্কিন নাগরিককে বিয়ে করে গ্রিন কার্ডের আবেদন করেছেন এবং আবেদন প্রক্রিয়া চলাকালে দেশে থাকার অনুমতি পেয়েছেন।
সাবেক ইউএসসিআইএস কর্মকর্তা ডগ র্যান্ডের মতে, যদি এসব আবেদনকারীকে দেশে ফিরে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে বাধ্য করা হয়, তাহলে অনেকেই পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
এদিকে প্রযুক্তি, প্রকৌশল ও অন্যান্য বিশেষায়িত খাতে কর্মরত উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এইচ-১বি ও অন্যান্য কর্মভিসায় থাকা বহু পেশাজীবী বছরের পর বছর ধরে গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন। তাদের বিদেশে ফিরে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হলে কর্মজীবন ও পারিবারিক জীবনে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে।
অভিবাসন বিশেষজ্ঞ বার্নার্ড উলফসডর্ফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে নিয়োগকর্তারা গভীর উদ্বেগে রয়েছেন।
বিশ্লেষকদের মতে, ডিএইচএসের সর্বশেষ ব্যাখ্যা কিছুটা স্বস্তি দিলেও এখনও অনেক প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। কারা ছাড় পাবেন, কোন পরিস্থিতিতে আবেদনকারীকে দেশ ছাড়তে হবে এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে কী ধরনের ব্যতিক্রম প্রযোজ্য হবে—এসব বিষয়ে প্রশাসনের কাছ থেকে আরও বিস্তারিত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন অভিবাসী ও আইনজীবীরা।
অন্যদিকে চাকরি অনুসন্ধান বিষয়ক প্ল্যাটফর্মগুলোর তথ্য বলছে, সাম্প্রতিক অভিবাসন নীতি ও অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্রে চাকরির প্রতি বিদেশি কর্মীদের আগ্রহ ইতোমধ্যেই কমতে শুরু করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নীতিগত অস্পষ্টতা দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে দক্ষ জনশক্তি আকর্ষণের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।