নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী চাঁদের পাশ দিয়ে ঐতিহাসিক ফ্লাইবাই শেষে পৃথিবীর পথে ফিরতে ফিরতে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের ভাষায়, চাঁদের এত কাছাকাছি গিয়ে তার পৃষ্ঠের গঠন, গভীর খাদ এবং অদেখা অঞ্চলগুলো দেখা ছিল এক কথায় অভিভূত হওয়ার মতো। ওরিয়ন ক্যাপসুলের জানালা দিয়ে তারা চাঁদের অসংখ্য গিরিখাত, শৈলশিরা, ফাটল ও বিরল ভূপ্রকৃতির ছবি ধারণ […]
ছবি: সংগৃহীত
নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী চাঁদের পাশ দিয়ে ঐতিহাসিক ফ্লাইবাই শেষে পৃথিবীর পথে ফিরতে ফিরতে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের ভাষায়, চাঁদের এত কাছাকাছি গিয়ে তার পৃষ্ঠের গঠন, গভীর খাদ এবং অদেখা অঞ্চলগুলো দেখা ছিল এক কথায় অভিভূত হওয়ার মতো।
ওরিয়ন ক্যাপসুলের জানালা দিয়ে তারা চাঁদের অসংখ্য গিরিখাত, শৈলশিরা, ফাটল ও বিরল ভূপ্রকৃতির ছবি ধারণ করেন। একই সঙ্গে ক্যামেরাবন্দি করেন বহুল আলোচিত ‘আর্থরাইজ’, অর্থাৎ চাঁদের দিগন্ত থেকে পৃথিবীর উদয়ের দৃশ্য। এ ছাড়া মহাকাশ থেকে সূর্যগ্রহণ এবং ওরিয়েন্টালে ইমপ্যাক্ট বেসিনের মতো এমন কিছু অংশও তারা দেখেছেন, যা আগে মানুষের চোখে খুব কমই ধরা পড়েছে।
চাঁদের দূরবর্তী অংশ অতিক্রম করার সময় প্রায় ৪০ মিনিট পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল নভোচারীদের। এই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে নভোচারী ক্রিস্টিনা কক বলেন, চাঁদের ধূসর ও রুক্ষ পৃষ্ঠ এত কাছ থেকে দেখা ছিল তার জীবনের অন্যতম অসাধারণ মুহূর্ত। অন্যদিকে ভিক্টর গ্লোভারের ভাষায়, জানালার বাইরে তাকালে মনে হচ্ছিল যেন তিনি নিজেই চাঁদের পাহাড়ি ভূখণ্ডে ঘুরে বেড়াচ্ছেন।
এই অভিযানে পৃথিবী থেকে সর্বোচ্চ ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূরত্বে পৌঁছে আর্টেমিস-২ দলটি ১৯৭০ সালের অ্যাপোলো-১৩–এর মানব মহাকাশযাত্রার রেকর্ড ভেঙে দেয়। এটি মানব ইতিহাসে চাঁদের দিকে সবচেয়ে দূরে যাওয়া নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন জানান, পৃথিবী থেকে দেখা চাঁদের অংশের তুলনায় বিপরীত পাশের দৃশ্য একেবারেই ভিন্ন। সেখানে অন্ধকার লাভা সমভূমি তুলনামূলক কম এবং ভূপ্রকৃতিতে বৈচিত্র্য বেশি। মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান বলেন, এই যাত্রা ভবিষ্যতে মানুষকে গভীর মহাকাশ ও মঙ্গল অভিযানের দিকে আরও এক ধাপ এগিয়ে দিল।
নাসা জানিয়েছে, উন্নত অপটিক্যাল কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়েই বিপুল পরিমাণ ডেটা পৃথিবীতে পাঠানো সম্ভব হয়েছে, যা ভবিষ্যৎ গভীর মহাকাশ যোগাযোগ ব্যবস্থার জন্য বড় সাফল্য। বর্তমানে ওরিয়ন ক্যাপসুলটি পৃথিবীর দিকে দ্রুতগতিতে এগোচ্ছে এবং প্রশান্ত মহাসাগরে অবতরণের প্রস্তুতি নিচ্ছে।
সব মিলিয়ে আর্টেমিস-২ মিশনের এই সফল চন্দ্র সফর ভবিষ্যতের চাঁদ ও মঙ্গল অভিযানের স্বপ্নকে আরও বাস্তব করে তুলেছে।