বাংলাদেশ সেনাবাহিনীতে ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন’ নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। এই ব্যাটালিয়নের অধীনে চারটি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম চার খলিফা—হজরত আবু বকর (রা.), হজরত উমর (রা.), হজরত উসমান (রা.) এবং হজরত আলী (রা.)-এর নামে। এ ছাড়া ভবিষ্যতে আরও দুটি কোম্পানি যুক্ত করার প্রস্তাব রয়েছে, যেগুলো বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী কোম্পানি হিসেবে […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীতে ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন’ নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। এই ব্যাটালিয়নের অধীনে চারটি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম চার খলিফা—হজরত আবু বকর (রা.), হজরত উমর (রা.), হজরত উসমান (রা.) এবং হজরত আলী (রা.)-এর নামে।
এ ছাড়া ভবিষ্যতে আরও দুটি কোম্পানি যুক্ত করার প্রস্তাব রয়েছে, যেগুলো বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী কোম্পানি হিসেবে গড়ে তোলা হবে। প্রস্তাবিত এই কোম্পানিগুলোর নাম রাখা হতে পারে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা হজরত ফাতিমা (রা.) এবং স্ত্রী হজরত আয়েশা (রা.)-এর নামে। তবে এই নামগুলো এখনো আনুষ্ঠানিক অনুমোদন পায়নি।
বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যমে আলোচনা ও সমালোচনা দেখা গেছে। কয়েকটি সংবাদমাধ্যম বিষয়টিকে শুধুমাত্র প্রশাসনিক বা সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে না দেখে বৃহত্তর আদর্শিক পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাখ্যা করার চেষ্টা করেছে।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সেনাবাহিনীর ইউনিটগুলোর নামকরণে এই পরিবর্তন বাংলাদেশের সামরিক ও সামাজিক কাঠামোয় ধর্মীয় পরিচয়ের প্রভাব বৃদ্ধির ইঙ্গিত বহন করতে পারে। কিছু প্রতিবেদনে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের নামে প্রতিষ্ঠিত বিভিন্ন ইউনিটের সঙ্গে এই নামকরণের তুলনাও টানা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘নবভারত টাইমস’ এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। একইভাবে কয়েকটি আঞ্চলিক ও অনলাইন প্ল্যাটফর্মও বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে প্রশ্ন তুলেছে।
অন্যদিকে, বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন যে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রতীক ব্যবহারের দীর্ঘ ঐতিহ্য রয়েছে।
ভারতীয় সেনাবাহিনীতেও একাধিক কোর, ডিভিশন ও ইউনিটের নাম হিন্দু পুরাণ ও ধর্মীয় প্রতীকের সঙ্গে সম্পর্কিত। উদাহরণ হিসেবে ১৭ কোরকে ‘ব্রহ্মাস্ত্র কোর’, ২১ কোরকে ‘সুদর্শন চক্র কোর’, ৩৩ কোরকে ‘ত্রিশক্তি কোর’, ১১ কোরকে ‘বজ্র কোর’ এবং ১০ কোরকে ‘চেতক কোর’ নামে পরিচিত করা হয়।
ব্রহ্মাস্ত্র হিন্দু পুরাণে অন্যতম শক্তিশালী দিব্যাস্ত্র হিসেবে পরিচিত। একইভাবে সুদর্শন চক্র হিন্দুধর্মে বিষ্ণুর ঐশ্বরিক অস্ত্র এবং বজ্র বৈদিক দেবতা ইন্দ্রের প্রতীকী অস্ত্র হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়ন গঠনের মূল উদ্দেশ্য সম্পর্কে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আধুনিক সামরিক প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় অফিসার ক্যাডেটদের আরও দক্ষ করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেনাবাহিনীর নতুন এই ইউনিট এবং এর নামকরণ নিয়ে আঞ্চলিক গণমাধ্যমে আলোচনা চললেও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি।