সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এ ছাড়া অন্যান্য নিয়মিত মামলা ও সার্বিক অভিযানে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জনসহ গত প্রায় তিন মাসে সর্বমোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স […]
ছবি: সংগৃহীত
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এ ছাড়া অন্যান্য নিয়মিত মামলা ও সার্বিক অভিযানে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জনসহ গত প্রায় তিন মাসে সর্বমোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে প্রাপ্ত পরিসংখ্যানে জানা যায়, বিশেষ এই অভিযান চলাকালে সারাদেশে ৩২৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র এবং ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে—১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলভার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান ও ১টি পেনগান।
অন্যদিকে, মাদকের বিস্তার রোধে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
মাদক সংক্রান্ত এসব অপরাধের ঘটনায় সারাদেশে ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করার পাশাপাশি ২৪ হাজার ৮২১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।