ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর চার মাসেরও বেশি সময় পর আগামী ৯ জুলাই তার দাফনের প্রস্তুতি সম্পন্ন করছে তেহরান। সম্ভাব্য বিপুল জনসমাগম এবং নিরাপত্তা ঝুঁকির বিষয় বিবেচনায় রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে পুরো আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে একটি প্রশ্ন—এত দীর্ঘ সময় ধরে কীভাবে সংরক্ষণ করা হয়েছে […]
ছবি: সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর চার মাসেরও বেশি সময় পর আগামী ৯ জুলাই তার দাফনের প্রস্তুতি সম্পন্ন করছে তেহরান। সম্ভাব্য বিপুল জনসমাগম এবং নিরাপত্তা ঝুঁকির বিষয় বিবেচনায় রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে পুরো আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে একটি প্রশ্ন—এত দীর্ঘ সময় ধরে কীভাবে সংরক্ষণ করা হয়েছে খামেনির মরদেহ?
বিশ্লেষকদের মতে, ইসলামি শরিয়তে সাধারণত মৃত্যুর পর দ্রুত দাফনের ওপর গুরুত্ব দেওয়া হয় এবং রাসায়নিক উপায়ে মরদেহ সংরক্ষণকে নিরুৎসাহিত করা হয়। এ কারণে খামেনির মরদেহ সংরক্ষণের বিষয়টি নিয়ে ধর্মীয় ও প্রযুক্তিগত উভয় দিক থেকেই আলোচনা শুরু হয়েছে।
চরমপন্থা ও সন্ত্রাসবাদবিষয়ক গবেষক ড. মোহাম্মদ ওমর মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, খামেনির মরদেহ সম্ভবত রাসায়নিক প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়নি। বরং বিশেষ শীতলীকরণ বা হিমায়িত ব্যবস্থার মাধ্যমে মরদেহ সংরক্ষণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মতে, ইসলামী বিধান অনুযায়ী রাসায়নিক সংরক্ষণ গ্রহণযোগ্য না হলেও বিশেষ পরিস্থিতিতে হিমায়িত অবস্থায় মরদেহ সংরক্ষণের অনুমতি রয়েছে।
তিনি আরও বলেন, শিয়া ইসলামী আইনে ব্যতিক্রমী পরিস্থিতিতে দাফন বিলম্বিত করার সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় বা নিরাপত্তাজনিত কারণে প্রয়োজন হলে মরদেহ দীর্ঘ সময় সংরক্ষণ করা যেতে পারে এবং ইরানের সর্বোচ্চ নেতার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে এমন ধর্মীয় অনুমোদন পাওয়া অস্বাভাবিক নয়।
বিশেষজ্ঞদের ভাষ্যমতে, ইরানের ফরেনসিক মর্গগুলোতে প্রয়োজন হলে কয়েক মাস পর্যন্ত মরদেহ হিমায়িত অবস্থায় সংরক্ষণের সক্ষমতা রয়েছে। ফলে চার মাসেরও বেশি সময় ধরে মরদেহ সংরক্ষণ করা দেশটির বিদ্যমান আইনি ও ধর্মীয় কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক নয়।
তবে ড. ওমরের মতে, দীর্ঘ সময় পর জনসমক্ষে প্রদর্শনের জন্য মরদেহের অবস্থা আগের মতো অক্ষত নাও থাকতে পারে। তিনি দাবি করেন, খামেনি নিহত হওয়ার পর তার মরদেহ এবং নিহত অন্যদের দেহাবশেষ উদ্ধার ও শনাক্ত করতে উল্লেখযোগ্য সময় লেগেছিল এবং পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।
তার পর্যবেক্ষণ অনুযায়ী, যদি মরদেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যেত, তাহলে দাফনের সময়সূচি একাধিকবার পরিবর্তন, অনুষ্ঠান পিছিয়ে দেওয়া কিংবা শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন তথ্য গোপন রাখার প্রয়োজন হতো না। এসব বিষয় মরদেহ সংরক্ষণ করা সম্ভব হলেও তা হয়তো জনসমক্ষে প্রদর্শনের উপযোগী অবস্থায় ছিল না—এমন ইঙ্গিত দিতে পারে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৯ জুলাই খামেনিকে তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। এর আগে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে রাষ্ট্রীয় মর্যাদায় শোক ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে কয়েক কোটি মানুষের অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে পরিচালিত এক সামরিক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। মৃত্যুর আগে তিনি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।