জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)-র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে। সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ আয়োজন ও সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের সময় ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। গত ডিসেম্বরে তিনি ডোনাল্ড […]
ছবি: সংগৃহীত
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)-র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে।
সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ আয়োজন ও সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের সময় ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। গত ডিসেম্বরে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ফিফার উদ্বোধনী ‘শান্তি পুরস্কার’ও প্রদান করেন।
ট্রাম্পের মতে, ইনফান্তিনো এমন একজন ব্যক্তি যিনি বিশ্বজুড়ে পরিচিত, সম্মানিত এবং বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলার সক্ষমতা রাখেন। সেই কারণেই তিনি তাকে জাতিসংঘের নেতৃত্বে দেখতে চান।
চলতি বছরের ডিসেম্বরে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা। এরপরই জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী, নতুন মহাসচিব নির্বাচনের আগে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সমর্থন প্রয়োজন। পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি দেশ ভেটো দিলে প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। নিরাপত্তা পরিষদের সুপারিশের পর জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হয়।
প্রথাগতভাবে এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চল থেকে একজন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার আলোচনা চলছে। তবে ট্রাম্পের প্রকাশ্য সমর্থনের কারণে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বর্তমানে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির নামও আলোচনায় রয়েছে।
তবে ট্রাম্প প্রকাশ্যে জিয়ান্নি ইনফান্তিনোর নাম উল্লেখ করে তাকে নিজের পছন্দের প্রার্থী হিসেবে তুলে ধরেছেন, যা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট