চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি পদে নির্বাচিত হলো বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘের সাধারণ পরিষদ হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতিসংঘের ১৯০টি সদস্য রাষ্ট্র ভোট দেয়। এর মধ্যে […]
ছবি: সংগৃহীত
চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি পদে নির্বাচিত হলো বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘের সাধারণ পরিষদ হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতিসংঘের ১৯০টি সদস্য রাষ্ট্র ভোট দেয়। এর মধ্যে বাংলাদেশের পক্ষে ভোট পড়ে ৯৯টি এবং সাইপ্রাসের পক্ষে ৯১টি। আট ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ড. খলিলুর রহমান।
আগামী সেপ্টেম্বর থেকে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ আবারও বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করলো।
বিশ্লেষকদের মতে, এই পদে নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য। কারণ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং বৈশ্বিক শাসনব্যবস্থা সংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নির্বাচনের পর ড. খলিলুর রহমান বলেন, তিনি “সবার সভাপতি” হিসেবে কাজ করতে চান। তিনি প্রতিশ্রুতি দেন, জাতিসংঘ সনদের মূলনীতি সমুন্নত রেখে ছোট ও উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর জোরালোভাবে তুলে ধরবেন।
এর আগে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংলাপে তিনি সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে বলেন, প্রথম দিন থেকেই দায়িত্ব পালনের জন্য তিনি প্রস্তুত রয়েছেন। একইসঙ্গে তিনি জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।
জাতিসংঘের আঞ্চলিক রোটেশন নীতি অনুযায়ী এবারের সভাপতি পদটি এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত ছিল। যদিও সাইপ্রাস ভৌগোলিকভাবে ইউরোপে অবস্থিত, তবে জাতিসংঘের কূটনৈতিক গ্রুপিংয়ে দেশটি এশিয়া-প্যাসিফিক গ্রুপের সদস্য।
প্রথমদিকে এই নির্বাচনে ফিলিস্তিনও প্রার্থী ছিল। তবে মুসলিম বিশ্বের ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বিবেচনা করে পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায় দেশটি।
ভোটের আগে বাংলাদেশের পক্ষে বেশ কয়েকটি দেশের প্রকাশ্য সমর্থন পাওয়া যায়। এর মধ্যে ব্রাজিল, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, আলজেরিয়া, গাম্বিয়া ও লিবিয়ার নাম উল্লেখযোগ্য।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নির্বাচনের শেষ পর্যায়ে বাংলাদেশ ব্যাপক তৎপরতা চালায়। সীমিত সময়ের মধ্যে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে সমর্থন নিশ্চিত করার চেষ্টা করা হয়। অন্যদিকে সাইপ্রাস প্রায় এক বছর ধরে প্রচারণা চালিয়ে আসছিল।
বাংলাদেশ এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে জয়লাভ করেছিল। সে সময় ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় ৪০ বছর পর আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এই জয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক সক্ষমতার প্রতিফলন।