জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় জানানো হয়, শুক্রবার রাতে শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না। সিঙ্গাপুর থেকে দেশে আনা […]
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, শুক্রবার রাতে শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না। সিঙ্গাপুর থেকে দেশে আনা মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হিমাগারের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে মরদেহ সংরক্ষণের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে গিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।
ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ ওসমান হাদিকে দাফন করা হবে। এ উপলক্ষে শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের কারণে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
বার্তায় আরও বলা হয়, আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে ছাত্র-জনতাকে আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলনকে বিভ্রান্ত বা সহিংস করার সুযোগ না পায়।
ইনকিলাব মঞ্চ আরও জানায়, জননিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে শহীদ ওসমান হাদির মরদেহ সরাসরি দেখার সুযোগ রাখা হবে না। এ বিষয়ে সবাইকে সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে শহীদ ওসমান হাদির মরদেহ দেশে আনা হয়। বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো কফিন গ্রহণ করেন জুলাই বিপ্লবের সহযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।