সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৩৪ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে ইহুদি ও হিন্দু সংগঠনের উদ্বেগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির দুটি সংগঠন। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) এক যৌথ বিবৃতিতে প্রশ্ন তুলেছে, কীভাবে তাঁকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো। পাশাপাশি, দেশটির সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না, সে বিষয়েও ব্যাখ্যা দাবি করেছে সংগঠন দুটি। […]

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে ইহুদি ও হিন্দু সংগঠনের উদ্বেগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির দুটি সংগঠন। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) এক যৌথ বিবৃতিতে প্রশ্ন তুলেছে, কীভাবে তাঁকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো। পাশাপাশি, দেশটির সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না, সে বিষয়েও ব্যাখ্যা দাবি করেছে সংগঠন দুটি।

সোমবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর শফিকুর রহমান তাঁকে প্রকাশ্যে ‘বীর ও শহীদ’ হিসেবে প্রশংসা করেছিলেন। এ ছাড়া হামাসের সাবেক রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্যও প্রার্থনা করেছিলেন তিনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নৃশংসতাসহ মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সাবেক শীর্ষ নেতাদের দণ্ডিত হওয়ার ইতিহাসও তুলে ধরা হয়।

এ ছাড়া নারীরা তাঁর দলের নেতৃত্ব দিতে পারবেন না—এমন বক্তব্য, ২০২৬ সালের নির্বাচনে কোনো নারী প্রার্থী না দেওয়া এবং ঘরের বাইরে কাজ করা নারীদের নিয়ে তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি বিতর্কিত পোস্টের বিষয়েও উল্লেখ করেছে সংগঠন দুটি।

গত ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) আয়োজিত এক মধ্যাহ্নভোজে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো এবং সেখানে অস্ট্রেলীয় পার্লামেন্ট সদস্যদের উপস্থিতির খবরেও উদ্বেগ জানিয়েছে তারা।

অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বলেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হত্যা, নৃশংসতা, অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনে কট্টর ইসলামপন্থিদের ভূমিকা সুস্পষ্টভাবে নথিভুক্ত। তাঁর ভাষ্য, যারা এসব নৃশংসতাকে সমর্থন করেন বা নীরব দর্শক হিসেবে থাকেন, তাঁদের স্বাগত জানানো অস্ট্রেলীয়দের মধ্যে বিভাজন তৈরি করবে এবং সামাজিক সংহতি ক্ষতিগ্রস্ত করবে।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, সামাজিক সংহতি ও বিভাজনমূলক বক্তব্যের উদ্বেগ দেখিয়ে আলবানিজ সরকার সাবেক ইসরায়েলি মন্ত্রী আয়েলেট শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেয়নি এবং ইসরায়েলি পার্লামেন্ট সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে।

তিনি প্রশ্ন তোলেন, ইসরায়েলি রাজনীতিবিদদের প্রবেশে বাধা দেওয়া হলেও প্রকাশ্যে হামাস সদস্যদের মহিমান্বিত করেছেন—এমন একজন রাজনৈতিক নেতাকে কীভাবে অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হচ্ছে?

বিবৃতিতে বিদেশি রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে একই ধরনের মানদণ্ড অনুসরণের জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

তথ্যসূত্র: বাংলাদেশ ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ