দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া তেলের দাম স্থিতিশীল রাখতে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলেও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক […]
ছবি: সংগৃহীত
দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া তেলের দাম স্থিতিশীল রাখতে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলেও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তবে দেশে সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেও কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব রোধে চিরুনি অভিযান চালানো এবং কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা হয়নি। তবে আগামীকালের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে। সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যেও কাজ চলছে বলে তিনি জানান।
বৈঠকের শুরুতে শোক প্রস্তাব আনা হয়। স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। কেন এসব দুর্ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে তা রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেছেন।