বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি বিক্রেতার অবস্থান হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন টেসলা। বার্ষিক বিক্রিতে প্রথমবারের মতো টেসলাকে পেছনে ফেলেছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বৈশ্বিক ইভি বাজারে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে চীনা এই কোম্পানি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। টেসলা জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে তাদের গাড়ি বিক্রি কমেছে প্রায় ৯ […]
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি বিক্রেতার অবস্থান হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন টেসলা। বার্ষিক বিক্রিতে প্রথমবারের মতো টেসলাকে পেছনে ফেলেছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বৈশ্বিক ইভি বাজারে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে চীনা এই কোম্পানি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
টেসলা জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে তাদের গাড়ি বিক্রি কমেছে প্রায় ৯ শতাংশ। এ বছর কোম্পানিটির মোট ডেলিভারি দাঁড়িয়েছে ১৬ লাখ ৪০ হাজার গাড়িতে, যা টানা দ্বিতীয় বছরের মতো বিক্রি কমার ইঙ্গিত দিচ্ছে। এই পতনের ফলে বৈশ্বিক বাজারে টেসলা পিছিয়ে পড়ে বিওয়াইডির তুলনায়।
অন্যদিকে বিওয়াইডি জানিয়েছে, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি বিক্রি প্রায় ২৮ শতাংশ বেড়ে ২২ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। এই বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো টেসলাকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ইভি নির্মাতার অবস্থান দখল করে।
বিশ্লেষকদের মতে, টেসলার জন্য ২০২৫ সাল ছিল চ্যালেঞ্জিং। নতুন মডেল নিয়ে গ্রাহকদের মিশ্র প্রতিক্রিয়া, প্রধান নির্বাহী ইলন মাস্কের রাজনৈতিক ভূমিকা ঘিরে বিতর্ক এবং চীনা নির্মাতাদের তীব্র প্রতিযোগিতা—সব মিলিয়ে কোম্পানিটির ওপর চাপ বাড়িয়েছে। বছরের শেষ তিন মাসেই টেসলার বিক্রি কমেছে প্রায় ১৬ শতাংশ।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ওপর দেওয়া সর্বোচ্চ ৭ হাজার ৫০০ ডলারের সরকারি ভর্তুকি প্রত্যাহারও বিক্রি কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এতে গাড়ির দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এই প্রেক্ষাপটে ওয়াল স্ট্রিটের বিশ্লেষকেরা ২০২৬ সালের জন্য টেসলার বিক্রির পূর্বাভাস কমিয়ে দিয়েছেন, যা কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। একই সময়ে চীনের বিওয়াইডি, জিলি ও এমজির মতো প্রতিষ্ঠান তুলনামূলক কম দামে উন্নত প্রযুক্তির গাড়ি বাজারে এনে পশ্চিমা ব্র্যান্ডগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।