প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন বিরোধী অভিযান বাস্তবায়নে ৭ হাজার কোটি ডলারের বিশাল তহবিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। শুক্রবার (৫ জুন) দীর্ঘ বিতর্ক ও একাধিক সংশোধনী নিয়ে ভোটাভুটির পর বিলটি পাস হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদিত এই অর্থ ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি সময়জুড়ে যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) এবং ‘বর্ডার পেট্রোল’-এর […]
ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন বিরোধী অভিযান বাস্তবায়নে ৭ হাজার কোটি ডলারের বিশাল তহবিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। শুক্রবার (৫ জুন) দীর্ঘ বিতর্ক ও একাধিক সংশোধনী নিয়ে ভোটাভুটির পর বিলটি পাস হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদিত এই অর্থ ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি সময়জুড়ে যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) এবং ‘বর্ডার পেট্রোল’-এর কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে।
সিনেটে বিলটি পাস হওয়ার মধ্য দিয়ে অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিজয় অর্জিত হয়েছে। কয়েক মাস ধরে এ বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র মতবিরোধ চলছিল।
বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। রিপাবলিকান নেতারা আশা করছেন, আগামী সপ্তাহের শুরুতেই এটি পাস হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের জন্য হোয়াইট হাউসে পৌঁছাবে।
চলতি বছরের শুরুতে অর্থায়ন সংকটের কারণে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) কিছু কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়েছিল। সে সময় ডেমোক্র্যাটরা অভিবাসন আইন প্রয়োগের জন্য নতুন অর্থ বরাদ্দে সমর্থন দিতে অস্বীকৃতি জানায়। তারা সংবেদনশীল স্থানগুলোতে অভিযান এবং কর্মকর্তাদের মুখোশ ব্যবহারের মতো বিষয়গুলোতে বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছিল।
তবে রিপাবলিকানরা সেই দাবি প্রত্যাখ্যান করে। পরিবর্তে তারা দ্রুতগতির ‘বাজেট রিকনসিলিয়েশন’ প্রক্রিয়ার মাধ্যমে আইসিই ও বর্ডার পেট্রোলের জন্য অর্থ বরাদ্দের উদ্যোগ নেয়, যা ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়াই বিল পাসের সুযোগ তৈরি করে।
সিনেটে ভোটের আগে দীর্ঘ সময় ধরে ‘ভোট-আ-রামা’ নামে পরিচিত ম্যারাথন সংশোধনী প্রক্রিয়া চলে। এতে আইনপ্রণেতারা বিভিন্ন রাজনৈতিকভাবে সংবেদনশীল ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে বাধ্য হন।
এই প্রক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের কয়েকটি বিতর্কিত ব্যয় প্রস্তাবও আলোচনায় আসে। এর মধ্যে ছিল ১৮০ কোটি ডলারের ‘অ্যান্টি-উইপোনাইজেশন’ তহবিল এবং হোয়াইট হাউসের নতুন বলরুমের নিরাপত্তা ব্যবস্থার জন্য ১০০ কোটি ডলার বরাদ্দের বিষয়।
যদিও চূড়ান্ত অভিবাসন বিলে বলরুম-সংক্রান্ত অর্থ বরাদ্দ রাখা হয়নি, তবুও বিষয়টি রিপাবলিকান দলের ভেতরে বিদ্যমান অস্বস্তি ও মতভেদের প্রতীক হিসেবে আলোচিত হয়েছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জীবনযাত্রার ব্যয় ও সরকারি ব্যয় বৃদ্ধি নিয়ে ভোটারদের উদ্বেগ রিপাবলিকান নেতাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
সূত্র: এএফপি