দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি চীনে পৌঁছান। ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হওয়ার ঠিক একদিন পর পুতিনের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাশিয়া ও চীন জানিয়েছে, ২০০১ সালে স্বাক্ষরিত ‘সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা’ চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপনই এই সফরের অন্যতম […]
ছবি: সংগৃহীত
দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি চীনে পৌঁছান। ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হওয়ার ঠিক একদিন পর পুতিনের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রাশিয়া ও চীন জানিয়েছে, ২০০১ সালে স্বাক্ষরিত ‘সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা’ চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপনই এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সময়ের দিক থেকে এই সফরের তাৎপর্য অনেক বেশি।
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। মূলত প্রযুক্তি, বাণিজ্য, তাইওয়ান ইস্যু এবং ইরানকে ঘিরে বেইজিংয়ের অবস্থানে প্রভাব ফেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই লক্ষ্য পূরণে বড় ধরনের অগ্রগতি হয়নি বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
এ অবস্থায় পুতিন চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সুযোগ হিসেবে পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছেন। একইসঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিংও বিশ্ব রাজনীতিতে চীনের কেন্দ্রীয় অবস্থান আরও শক্তিশালী করার কৌশল নিচ্ছেন বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও ইউক্রেন যুদ্ধের কারণে গত কয়েক বছরে মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক আগের তুলনায় অনেক গভীর হয়েছে। ট্রাম্পের ব্যর্থ কূটনৈতিক সফরের পর সেই সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।
ধারণা করা হচ্ছে, এ সফরে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, জ্বালানি খাতে যৌথ বিনিয়োগ, সামরিক সমন্বয় এবং প্রযুক্তিগত সহায়তা নিয়ে আলোচনা করবে। চীন রাশিয়া থেকে কম দামে জ্বালানি আমদানিতে আগ্রহী, অন্যদিকে প্রযুক্তি ও উৎপাদন খাতে চীনের সহায়তার ওপর নির্ভরতা বাড়ছে রাশিয়ার।
চাথাম হাউসের রাশিয়া ও ইউরেশিয়া প্রোগ্রামের সহযোগী ফেলো টিমোথি অ্যাশ আল জাজিরাকে বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন আগের চেয়ে বেশি চাপের মুখে রয়েছে। তার মতে, এই সফরে মস্কো চীনের কাছ থেকে আরও কৌশলগত ও সামরিক সহযোগিতা চাইতে পারে।
অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ওলেগ ইগ্নাতোভ মনে করেন, মস্কো ও বেইজিং এমন একটি বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে একক কোনো পরাশক্তি বিশ্বকে নিয়ন্ত্রণ করবে না।