ভারতের তামিলনাড়ুতে গরু ও বাছুর জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞামূলক নির্দেশ আপাতত স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এ আদেশে সর্বোচ্চ আদালত বলেন, হাইকোর্টের রায়ে উত্থাপিত কয়েকটি বিষয় আরও বিস্তারিতভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। মাদ্রাজ হাইকোর্টের গত ২৭ মে দেওয়া রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকার বিশেষ অনুমতি চেয়ে (স্পেশাল লিভ পিটিশন) সুপ্রিম কোর্টে […]
ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ুতে গরু ও বাছুর জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞামূলক নির্দেশ আপাতত স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এ আদেশে সর্বোচ্চ আদালত বলেন, হাইকোর্টের রায়ে উত্থাপিত কয়েকটি বিষয় আরও বিস্তারিতভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
মাদ্রাজ হাইকোর্টের গত ২৭ মে দেওয়া রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকার বিশেষ অনুমতি চেয়ে (স্পেশাল লিভ পিটিশন) সুপ্রিম কোর্টে আবেদন করে। সেই আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত রাখার আদেশ দেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে বলা হয়, ভারতে প্রচলিত আইন অনুযায়ী নির্দিষ্ট শর্ত এবং অনুমোদিত স্থানে নির্দিষ্ট শ্রেণির গবাদিপশু জবাইয়ের সুযোগ রয়েছে। তাই বিদ্যমান আইনকে অতিক্রম করে দেওয়া কোনো বিচারিক নির্দেশ কার্যকর থাকলে তা আইনি জটিলতা সৃষ্টি করতে পারে।
এর আগে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি. আর. স্বামীনাথন ও বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের একটি সরকারি আদেশের ভিত্তিতে রাজ্যজুড়ে গরু জবাই নিষিদ্ধের নির্দেশ দিয়েছিলেন। ওই সরকারি আদেশের উদ্দেশ্য ছিল দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।
রায়ে বিচারপতি স্বামীনাথন ভারতের সংবিধানের ৪৮ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, গরু, বাছুর এবং দুধ উৎপাদনকারী অন্যান্য গবাদিপশু সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়া রাজ্যের দায়িত্ব। তিনি সংবিধান প্রণয়নকালীন বিতর্কের প্রসঙ্গও উল্লেখ করে বলেন, ভারতীয় ঐতিহ্যে গরুকে বিশেষ মর্যাদার প্রাণী হিসেবে বিবেচনা করা হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করেন। তাদের বক্তব্য, ঈদুল আজহার মতো বড় ধর্মীয় উৎসবের সময় কেবল অনুমোদিত কসাইখানায় পশু জবাইয়ের শর্ত বাস্তবে কার্যকর করা কঠিন। কারণ, ওই সময় বিপুলসংখ্যক পশু জবাইয়ের প্রয়োজন হলেও অধিকাংশ সরকারি অনুমোদিত কসাইখানার সেই সক্ষমতা নেই।
তামিলনাড়ু সরকার আদালতে আরও জানায়, রাজ্যের ‘তামিলনাড়ু অ্যানিমাল প্রিজারভেশন অ্যাক্ট’ এবং সংশ্লিষ্ট বিধিমালায় পশু জবাইয়ের স্থান, পদ্ধতি ও শর্ত নির্ধারণ করা হলেও সব ধরনের গরু জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিধান নেই।
সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশের ফলে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ কার্যকর থাকবে না। মামলার পরবর্তী শুনানিতে এ বিষয়ে বিস্তারিত আইনি পর্যালোচনা হবে।
সূত্র: এনডিটিভি