সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকবার্তায় মোদি খালেদা জিয়ার প্রয়াণকে বাংলাদেশের রাজনীতিতে এক ‘অপূরণীয় শূন্যতা’ হিসেবে উল্লেখ করে ভারত–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন সূচনার’ প্রত্যাশা ব্যক্ত করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পাঠানো ওই চিঠিতে […]
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকবার্তায় মোদি খালেদা জিয়ার প্রয়াণকে বাংলাদেশের রাজনীতিতে এক ‘অপূরণীয় শূন্যতা’ হিসেবে উল্লেখ করে ভারত–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন সূচনার’ প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পাঠানো ওই চিঠিতে নরেন্দ্র মোদি লেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে তারেক রহমানের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন।
চিঠিতে মোদি বলেন,
“আপনার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমি গভীর শোক প্রকাশ করছি। আপনার ব্যক্তিগত এই গভীর ক্ষতির জন্য আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক।”
শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিচারণও করেন। তিনি উল্লেখ করেন, ২০১৫ সালের জুন মাসে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ ও আলোচনার কথা তিনি আন্তরিকভাবে স্মরণ করেন। মোদি লেখেন, খালেদা জিয়া ছিলেন দৃঢ় সংকল্প ও বিশ্বাসের এক বিরল নেত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি অনন্য গৌরব অর্জন করেছিলেন।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের উন্নয়ন ও একই সঙ্গে ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করা কঠিন হলেও তার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার অক্ষুণ্ণ থাকবে বলে মোদি আশাবাদ প্রকাশ করেন।
তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদি লেখেন,
“আমি বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার আদর্শ এগিয়ে নিয়ে যাবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের একটি নতুন সূচনা ও সমৃদ্ধির পথে দিকনির্দেশনা দেবে।”
চিঠির শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের প্রতিও সমবেদনা জানান। তিনি বলেন, জাতীয় শোকের এই সময়ে তার চিন্তা বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে, যারা ইতিহাসজুড়ে অসাধারণ শক্তি, মর্যাদা ও গণতান্ত্রিক ঐতিহ্যের পরিচয় দিয়েছে। শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সবশেষে নরেন্দ্র মোদি তারেক রহমান ও তার পরিবারের জন্য শক্তি, ধৈর্য ও সহিষ্ণুতা কামনা করে তার ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য শুভকামনা জানান।