দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তার মতে, তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে দেশের বিদ্যমান রাজনৈতিক শূন্যতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় […]
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তার মতে, তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে দেশের বিদ্যমান রাজনৈতিক শূন্যতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।
বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রেসসচিব বলেন, দেশে কার্যকর রাজনৈতিক নেতৃত্বের একটি ঘাটতি দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছে। তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে সেই ঘাটতি পূরণে সহায়ক হবে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি জানান, তারেক রহমান দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা হওয়ায় তার দেশে আসার প্রভাব স্বাভাবিকভাবেই ইতিবাচক হবে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় তারেক রহমানের উপস্থিতি রাজনৈতিক পরিবেশকে আরও স্থিতিশীল ও সাবলীল করতে ভূমিকা রাখবে।
তারেক রহমানের নিরাপত্তা নিয়ে জানতে চাইলে প্রেসসচিব জানান, এ বিষয়ে বিএনপি নিজেই ব্যবস্থা নিচ্ছে। তবে দলটির পক্ষ থেকে সরকার যে ধরনের সহায়তা চাওয়া হচ্ছে, তা প্রদান করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে খোদা বকশ চৌধুরীর পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, বিষয়টি আগের রাতের একটি ঘটনা এবং এখনো তিনি পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানতে পারেননি।