মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস স্বীকার করেছেন, বৈবাহিক জীবনে থাকাকালে তিনি তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির কাছে দেওয়া এক রুদ্ধদ্বার সাক্ষ্যে তিনি এ তথ্য জানান। সম্প্রতি প্রকাশিত ওই সাক্ষ্যের অনুলিপিতে উঠে এসেছে, কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাব দিতে […]
ছবি: সংগৃহীত
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস স্বীকার করেছেন, বৈবাহিক জীবনে থাকাকালে তিনি তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির কাছে দেওয়া এক রুদ্ধদ্বার সাক্ষ্যে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি প্রকাশিত ওই সাক্ষ্যের অনুলিপিতে উঠে এসেছে, কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে গেটস তার ব্যক্তিগত জীবনের নানা বিষয় তুলে ধরেন।
বিল গেটস জানান, রুশ ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা এবং পারমাণবিক বিজ্ঞানী কারিমা নিগমাতুলিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। এছাড়া চিকিৎসা খাতের উদ্যোক্তা অ্যালিস জ্যাকবস নেসেলরোডটের সঙ্গেও তার আরেকটি সম্পর্ক ছিল বলে তিনি স্বীকার করেন।
তবে গেটস জোর দিয়ে বলেন, তার এসব ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে জেফরি এপস্টিনের কোনো সম্পর্ক ছিল না। তিনি দাবি করেন, এপস্টিন তার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য ব্যবহার করে তাকে পুনরায় যোগাযোগে বাধ্য করার চেষ্টা করেছিলেন। যদিও শেষ পর্যন্ত কোনো ধরনের ব্ল্যাকমেইল সফল হয়নি বলে জানান তিনি।
ওভারসাইট কমিটির তদন্ত মূলত এপস্টিনের যোগাযোগ ও প্রভাববলয়কে ঘিরে পরিচালিত হচ্ছে। সেই প্রেক্ষাপটেই গত ১০ জুন কংগ্রেসের সদস্যদের সামনে প্রায় ছয় ঘণ্টাব্যাপী সাক্ষ্য দেন বিল গেটস।
সাক্ষ্যে গেটস আরও বলেন, এপস্টিনের সঙ্গে সম্পর্ক রাখা তার জীবনের একটি বড় ভুল সিদ্ধান্ত ছিল। তার ভাষায়, মানবকল্যাণমূলক উদ্যোগ ও দাতব্য কর্মকাণ্ডের বিষয়ে সহযোগিতার সম্ভাবনা থেকেই তিনি প্রথমে এপস্টিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে সরে আসেন।
গেটস একই সঙ্গে স্পষ্ট করেন যে, তিনি কখনো এপস্টিনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রত্যক্ষ করেননি এবং তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের সঙ্গেও নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে এপস্টিন-সংক্রান্ত নতুন নথি ও সাক্ষ্য প্রকাশের পর বিল গেটসের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তবে গেটসের দাবি, ব্যক্তিগত ভুল সিদ্ধান্তের জন্য তিনি অনুতপ্ত হলেও কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না।