রেকর্ড গরমে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে ফ্রান্স। ভয়াবহ দাবদাহের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলে প্রায় ৬৮ হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্স জানিয়েছে, দেশের অর্ধেকের বেশি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা করা […]
ছবি: সংগৃহীত
রেকর্ড গরমে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে ফ্রান্স। ভয়াবহ দাবদাহের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলে প্রায় ৬৮ হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে।
ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্স জানিয়েছে, দেশের অর্ধেকের বেশি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার ফ্রান্সে ইতিহাসের উষ্ণতম দিনগুলোর একটি রেকর্ড করা হয়েছে। জাতীয় গড় তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা অতীতের বহু রেকর্ড ভেঙে দিয়েছে। একইসঙ্গে সোমবার রাতও ছিল দেশটির ইতিহাসের অন্যতম উষ্ণ রাত।
চরম তাপমাত্রার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। ব্রিটানি অঞ্চলের ফিনিস্তের এলাকায় ট্রান্সফরমারে তাপজনিত সমস্যার কারণে প্রথমে এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়লেও পরে তা কমে প্রায় ৬৮ হাজার পরিবারে নেমে আসে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলো পরিস্থিতি স্বাভাবিক করতে রাতভর কাজ চালিয়ে যাচ্ছে।
দাবদাহের প্রভাব পড়েছে দেশের পর্যটন খাতেও। অতিরিক্ত তাপমাত্রার কারণে প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘর নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই কারণে আইফেল টাওয়ারেও দর্শনার্থীদের প্রবেশ সময় সীমিত করা হয়েছে।
ফ্রান্সের শ্রমমন্ত্রী জঁ-পিয়ের ফারান্দু বলেছেন, দেশকে এখন নতুন জলবায়ু বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। তার ভাষায়, ফ্রান্স ধীরে ধীরে এমন এক দেশে পরিণত হচ্ছে, যেখানে চরম তাপমাত্রা নিয়মিত বাস্তবতায় রূপ নিচ্ছে।
প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে নদী, হ্রদ ও সমুদ্রে নামতে গিয়ে গত কয়েক দিনে দেশটিতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও কিশোরও রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে দাবানলের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
শুধু ফ্রান্স নয়, স্পেন, ইতালি, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যেও তীব্র গরমের সতর্কতা জারি করা হয়েছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ইউরোপ বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় দ্রুতগতিতে উষ্ণ হয়ে উঠছে, যার ফলে এ ধরনের দীর্ঘস্থায়ী ও তীব্র দাবদাহ ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা যেতে পারে।