সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
১:১৯ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

তেলের দাম নির্ধারণে যেভাবে সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠছে চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে চীনের ওপর। যুক্তরাষ্ট্র ও ইরান যখন হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন বাজার বিশ্লেষকদের মতে বৈশ্বিক তেলের বাজারের পরবর্তী গতিপথ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আলোচনার বাইরে থাকা দেশ চীন। বিশ্বের অন্যতম বৃহৎ […]

তেলের দাম নির্ধারণে যেভাবে সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠছে চীন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে চীনের ওপর। যুক্তরাষ্ট্র ও ইরান যখন হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন বাজার বিশ্লেষকদের মতে বৈশ্বিক তেলের বাজারের পরবর্তী গতিপথ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আলোচনার বাইরে থাকা দেশ চীন।

বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল ভোক্তা দেশ হিসেবে চীন ইরান যুদ্ধের কারণে প্রতিদিন ১ কোটি ১০ লাখ ব্যারেলের বেশি তেল সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে। আমদানি কমানো, বিশাল মজুত থেকে তেল ব্যবহার এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশটি অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির চাপ অনেকটাই সামাল দিয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক বাজারেও।

তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে অনেক বিশ্লেষক তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছানোর আশঙ্কা করেছিলেন। কিন্তু সরবরাহ ঘাটতির পরিমাণ ১০০ কোটিরও বেশি ব্যারেলে পৌঁছালেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত রয়েছে। বিশ্লেষকদের মতে এর অন্যতম প্রধান কারণ চীনের পদক্ষেপ। বিভিন্ন বিশ্লেষণে বলা হয়েছে, চীন কৌশলগত মজুত ব্যবহার, আমদানি হ্রাস এবং বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়িয়ে বাজারের ওপর চাপ কমিয়েছে।

জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এমবারের বিশ্লেষক ডান ওয়াল্টার বলেন, এশিয়া এবং বৈশ্বিক অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চীন।

সোমবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ ডলারের নিচে নেমে আসে। বাজারে ধারণা তৈরি হয়েছে যে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালির মাধ্যমে হয়, সেখানে শিগগিরই স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হতে পারে।

ফরাসি আর্থিক প্রতিষ্ঠান সোসিয়েতে জেনেরালের বিশ্লেষকরা সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করেন, ১৯৭৩ সালের আরব তেল অবরোধে বৈশ্বিক সরবরাহ ৭ শতাংশ কমে যাওয়ার ফলে তেলের দাম ১৩৪ শতাংশ বেড়েছিল। অথচ ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহের প্রায় ১৪ শতাংশ প্রভাবিত হলেও দাম সে তুলনায় বাড়েনি। তাদের মতে, বাজারকে ভারসাম্যে রাখতে ‘অদৃশ্য হাত’ হিসেবে কাজ করেছে চীন।

বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, চীন প্রতিদিন প্রায় ৩০ লাখ ব্যারেল তেল আমদানি কমাতে সক্ষম হয়েছে, যা প্রায় জাপানের মোট দৈনিক তেল চাহিদার সমান। বিভিন্ন গবেষণা ও বাজার বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর চীনের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং দেশটি বিপুল মজুতের ওপর নির্ভর করতে শুরু করে।

বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শুরুর আগে রাশিয়া ও ইরান থেকে তুলনামূলক কম দামে তেল কিনে বিপুল মজুত গড়ে তুলেছিল চীন। বর্তমানে দেশটির বাণিজ্যিক ও কৌশলগত মজুতের পরিমাণ বিশ্বের অন্যতম বৃহৎ হিসেবে বিবেচিত হয়। চীনের জ্বালানি নিরাপত্তা নীতির মূল ভিত্তিগুলোর একটি হলো কৌশলগত মজুত গড়ে তোলা এবং সরবরাহ উৎস বৈচিত্র্য করা।

এছাড়া দেশটি ডিজেল ও পেট্রোলের মতো পরিশোধিত জ্বালানি পণ্যের রপ্তানিও সীমিত করেছে, যাতে অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত থাকে। ফলে চীনা তেল শোধনাগারগুলোর আন্তর্জাতিক বাজার থেকে নতুন করে তেল কেনার আগ্রহও কমেছে।

অন্যদিকে বৈদ্যুতিক যানবাহনের দ্রুত বিস্তারও চীনের তেল চাহিদা কমিয়ে দিয়েছে। বর্তমানে দেশটিতে বিক্রি হওয়া নতুন যাত্রীবাহী গাড়ির বড় একটি অংশই ‘নিউ এনার্জি ভেহিকল’ বা বৈদ্যুতিক ও বিকল্প জ্বালানিচালিত যান। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা দীর্ঘমেয়াদে চীনের তেল চাহিদা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে।

তবে বিশ্লেষকদের সতর্কবার্তা, মজুত তেলের ওপর নির্ভরতা দীর্ঘদিন ধরে বজায় রাখা সম্ভব নয়। দাম কমে এলে চীন আবারও বড় পরিসরে তেল মজুত শুরু করতে পারে, যা বাজারে নতুন প্রভাব ফেলবে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে যে, হরমুজ প্রণালি দ্রুত স্বাভাবিক হলে আগামী বছর উল্টো বৈশ্বিক বাজারে তেলের অতিরিক্ত সরবরাহ দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্যের উৎপাদন স্বাভাবিক হলে সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি খুলে গেলে বাজারে বিপুল পরিমাণ আটকে থাকা তেল ফিরে আসবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল হলে ইরানও দ্রুত উৎপাদন বাড়াতে পারে।

তবে অনেক দেশ ইতোমধ্যে গ্রীষ্মকালীন চাহিদা মেটাতে প্রয়োজনীয় তেল কিনে ফেলেছে। ফলে অতিরিক্ত সরবরাহ শোষণ এবং বাজারে ভারসাম্য ফিরিয়ে আনার ক্ষেত্রে আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে চীন।

বিশেষজ্ঞদের ভাষায়, মাত্র দুই মাস আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান চিত্রের বিশাল পার্থক্য তৈরি হয়েছে। এখন প্রশ্ন একটাই—বৈশ্বিক বাজারে অতিরিক্ত তেল সরবরাহ দেখা দিলে চীন আসলে কতটা তেল কিনতে চাইবে? সেই উত্তরই নির্ধারণ করতে পারে আগামী দিনের আন্তর্জাতিক তেলের দাম।

সূত্র: সিএনএন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ