সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:১০ পূর্বাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটকক্ষ ও গোপন বুথ বাড়ছে দেড় লাখ

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে সামনে রেখে ভোটারদের ভিড় ও চাপ কমাতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে ভোটকক্ষ ও গোপন বুথের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যালটে সিল দেওয়ার জন্য ব্যবহৃত গোপন বুথের সংখ্যা প্রায় দেড় লাখ বাড়ানো হচ্ছে। তবে সার্বিকভাবে ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় অপরিবর্তিত […]

ত্রয়োদশ সংসদ নির্বাচন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে সামনে রেখে ভোটারদের ভিড় ও চাপ কমাতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে ভোটকক্ষ ও গোপন বুথের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যালটে সিল দেওয়ার জন্য ব্যবহৃত গোপন বুথের সংখ্যা প্রায় দেড় লাখ বাড়ানো হচ্ছে।

তবে সার্বিকভাবে ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় অপরিবর্তিত থাকছে। কেবল বিশেষ পরিস্থিতিতে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সুবিধার্থে শেষ মুহূর্তে দুই থেকে চারটি কেন্দ্র বাড়তে পারে। পাশাপাশি এবারই প্রথমবারের মতো চালু হচ্ছে আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালট, যা নির্বাচনি ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে। নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ৩০০ সংসদীয় আসনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ৪২ হাজার ৭৬৬টি। এর মধ্যে ৪২ হাজার ৭৫১টি স্থায়ী এবং ১৫টি অস্থায়ী কেন্দ্র। সম্ভাব্য ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪৫ হাজার ১৯৫টি, যার মধ্যে স্থায়ী ভোটকক্ষ দুই লাখ ৩৩ হাজার ২১৬টি এবং অস্থায়ী ১১ হাজার ৯৭৯টি। এর সঙ্গে যুক্ত হচ্ছে দেড় লাখের বেশি নতুন গোপন বুথ। ফলে মোট গোপন বুথের সংখ্যা দাঁড়াবে চার লাখের বেশি এবং ভোটকক্ষের সংখ্যা হবে আড়াই লাখেরও বেশি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটকক্ষে ভোটারের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। আগে প্রতিটি ভোটকক্ষে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটার ভোট দেওয়ার সুযোগ থাকলেও নতুন ব্যবস্থায় তা কমিয়ে ৩৫০ থেকে ৪০০ জনে নামানো হয়েছে। এতে প্রতি ঘণ্টায় গড়ে ১৫টি করে অতিরিক্ত ভোট পড়বে বলে মনে করছে ইসি। ফলে ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার সম্ভাবনা কমবে। এ ছাড়া ভোট গ্রহণের সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়েছে—আগের সময়সূচির আগে ও পরে আধা ঘণ্টা করে সময় যুক্ত করা হয়েছে।

তবে মাঠপর্যায়ে কিছু বাস্তব চ্যালেঞ্জও দেখা দিচ্ছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বড় শ্রেণিকক্ষকে দুটি বুথে ভাগ করতে গিয়ে পর্যাপ্ত দরজা বা প্রবেশপথের সংকট দেখা দিচ্ছে। এতে উপজেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে ইসি সূত্র জানিয়েছে।

বিশাল জনবল নিয়োগ

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ভোটগ্রহণ পরিচালনায় মোট সাত লাখ ৭৮ হাজার ৩৫১ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন প্রিসাইডিং অফিসার, দুই লাখ ৪৫ হাজার ১৯৫ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং চার লাখ ৯০ হাজার ৩৯০ জন পোলিং অফিসার।

এ ছাড়া নির্বাচনের সার্বিক তদারকিতে দায়িত্ব পালন করবেন ৬৯ জন রিটার্নিং অফিসার। তাঁদের মধ্যে ৬৪ জন জেলা প্রশাসক ছাড়াও বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা রয়েছেন।

প্রথমবার আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালট

এবারের নির্বাচনে প্রথমবারের মতো চালু হচ্ছে আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা। প্রবাসী বাংলাদেশি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এবং কারাবন্দি ভোটারদের জন্য এই বিশেষ ব্যবস্থার আওতায় ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর। পোস্টাল ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তা ডাকবাক্সে পাঠাতে হবে। এ বিষয়ে চূড়ান্ত সময়সূচি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার সকালে অনুষ্ঠিত কর্ম-নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ