ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী ফয়সাল মাহমুদের সঙ্গে করা চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট সময় বাতিল করা হলো। প্রজ্ঞাপনে আরও […]
ছবি: সংগৃহীত
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী ফয়সাল মাহমুদের সঙ্গে করা চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট সময় বাতিল করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালনকারী ফয়সাল মাহমুদের সঙ্গে সরকারের করা চুক্তির শর্ত অনুসারেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর, চব্বিশের গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের জন্য ফয়সাল মাহমুদকে নিয়োগ দিয়েছিল। তিনি পেশায় একজন সাংবাদিক এবং বাংলা আউটলুকের সম্পাদক।
সেই সময় অন্তর্বর্তী সরকার নয়াদিল্লিসহ বিভিন্ন দেশের দূতাবাসে কূটনৈতিক ও প্রশাসনিক পদে রদবদল আনে। এরই ধারাবাহিকতায় ফয়সাল মাহমুদের এই নিয়োগ দেওয়া হয়েছিল।
এদিকে, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সরকার গঠনের প্রাক্কালে অন্তর্বর্তী সরকার তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।