পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নববর্ষের প্রথম প্রভাতে তিনি সবাইকে সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান। পোস্টে তিনি লিখেছেন, বিদায় ১৪৩২, স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩। […]
ছবি: সংগৃহীত
পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নববর্ষের প্রথম প্রভাতে তিনি সবাইকে সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান। পোস্টে তিনি লিখেছেন, বিদায় ১৪৩২, স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন হিসেবে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষের জন্য আনন্দ, প্রত্যয় ও নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে।
তিনি আরও লেখেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি নতুনের আহ্বান নিয়ে ফিরে আসে এবং পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।
বাংলা নববর্ষের সঙ্গে কৃষি, প্রকৃতি এবং কৃষিনির্ভর অর্থনীতির সম্পর্কের বিষয়টিও তিনি তুলে ধরেন। তারেক রহমান বলেন, তথ্যপ্রযুক্তির এই সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করেন। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধ পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে প্রাণ পায়।
তিনি আরও লেখেন, বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, হালখাতার মতো আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলে ধরে। এসব আয়োজন মানুষের মধ্যে ঐক্যবোধ ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়। তার মতে, বাংলা নববর্ষ আমাদের সামনে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার দরজা খুলে দেয়, যেখানে প্রকৃতির নবজাগরণ আর মানুষের আশাবাদ মিলেমিশে এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
নিজের বার্তায় তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কথাও উল্লেখ করেন। তারেক রহমান লেখেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শোষণ-শাসনের অবসানের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে নতুন গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করে। দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সরকার রাষ্ট্র ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে একাধিক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসেবে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি এবং ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ অন্য ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই কৃষক কার্ড প্রদান কর্মসূচিও শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, আগামী দিনে এই কর্মসূচি কৃষক ও কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।
তারেক রহমান আরও লেখেন, বাংলাদেশের জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, সংস্কৃতির সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং বহুমতের সহাবস্থানকে দৃঢ় করবে। তার মতে, বিশ্ব যখন নানা সংকট ও সংঘাতে বিপর্যস্ত, তখন শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, নববর্ষের এই শুভক্ষণে সবাই যেন সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করেন। নতুন বছরের প্রথম প্রভাতে অতীতের হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শেষে তিনি দেশবাসী ও সব বাংলাভাষী মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভ নববর্ষ ১৪৩৩ জানিয়েছেন।