আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে। এর ফলে সারা দেশে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়বে। তবে শুক্রবার থেকে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। পাশাপাশি সেপ্টেম্বরের শুরুতে সাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে […]
ছবি: সংগৃহীত
আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে। এর ফলে সারা দেশে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়বে। তবে শুক্রবার থেকে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। পাশাপাশি সেপ্টেম্বরের শুরুতে সাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার আবহাওয়াবিদ ড. ওমর ফারুক এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশের ওপর থেকে লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় সমুদ্র ও নৌবন্দরগুলোর সতর্কবার্তা নামিয়ে ফেলতে বলা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকতে পারে। বৃষ্টি কমে গেলে তাপমাত্রা বাড়ার পাশাপাশি সারা দেশে ভ্যাপসা গরমের মাত্রাও বাড়তে পারে।
তবে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে শুক্রবার থেকে দুই-তিন দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। এ সময় বৃষ্টিপাত বাড়লেও আগের মতো ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সেপ্টেম্বরের শুরুতে সাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির প্রবণতা থাকতে পারে। তবে একই সঙ্গে ভাদ্র ও আশ্বিন মাসজুড়ে ভ্যাপসা গরমের দাপটও থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. ওমর ফারুক।
এদিকে মঙ্গলবার দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় আগের দিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে। ফেনীতে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল মাত্র ১ মিলিমিটার। দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ছিল খুবই কম।
বৃষ্টিপাত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রাও বেড়েছে। মঙ্গলবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতেও তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ৩২ ডিগ্রি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণও হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত আবহাওয়া তথ্যেও এ সময় বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সামনের কয়েক দিনে বৃষ্টির ধরনে ওঠানামা থাকলেও তাপমাত্রা পুরোপুরি কমে যাওয়ার মতো পরিস্থিতি এখনই তৈরি হচ্ছে না। ফলে বৃষ্টির বিরতির সময় দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।