Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:২৮ পিএম, ৩০ জুন ২০২৬

দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই: ইরান

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে কোনো পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং আলোচক দলের সদস্য ইসমাইল বাঘাই গণমাধ্যমে প্রচারিত সম্ভাব্য বৈঠকের খবর নাকচ করে বলেন, বর্তমানে তেহরানের অগ্রাধিকার চূড়ান্ত […]

দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই: ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে কোনো পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং আলোচক দলের সদস্য ইসমাইল বাঘাই গণমাধ্যমে প্রচারিত সম্ভাব্য বৈঠকের খবর নাকচ করে বলেন, বর্তমানে তেহরানের অগ্রাধিকার চূড়ান্ত কোনো রাজনৈতিক সমঝোতা নয়, বরং বিদ্যমান সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন নিশ্চিত করা।

তার ভাষায়, দোহায় যদি কোনো আলোচনা হয়ও, তা মূলত সমঝোতা স্মারকের বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো ঘিরেই হবে। বিশেষ করে কাতারে আটকে থাকা ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলোই সেখানে অগ্রাধিকার পাবে।

বাঘাই আরও বলেন, আগামী দিনগুলোতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো স্তরেই বৈঠকের পরিকল্পনা ইরানের নেই এবং এ বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদন বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর ইরান নিজ থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে এবং আলোচনার অনুরোধ জানিয়েছে।

অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সংরক্ষিত ইরানের প্রায় ৬ বিলিয়ন ডলারের অবরুদ্ধ তহবিল হস্তান্তরের বিষয়টি এখনো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে। ফলে বিপুল এই অর্থ এখনও ইরানের কাছে পাঠানো সম্ভব হয়নি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ বর্তমানে দোহায় অবস্থান করলেও তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের কোনো বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়নি।

এদিকে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও গাজায় ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকাতেও নতুন করে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ