নিউইয়র্ক সিটিতে বয়ে যাচ্ছে গত দুই দশকের মধ্যে অন্যতম ভয়াবহ শৈত্যপ্রবাহ। সপ্তাহের শেষভাগে তীব্র ঠান্ডা ও প্রবল বাতাসের কারণে শহরজুড়ে জারি করা হয়েছে ‘এক্সট্রিম কোল্ড’ সতর্কতা—যা সাধারণত পাহাড়ি ও উচ্চভূমি এলাকায় দেওয়া হয়ে থাকে। প্রচণ্ড ঠান্ডার সঙ্গে যোগ হয়েছে ঝোড়ো হাওয়া। ফলে তাপমাত্রা এক অঙ্কের নিচে নেমে যাওয়ার পাশাপাশি অনুভূত তাপমাত্রা দাঁড়িয়েছে প্রায় মাইনাস ১৪ […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে বয়ে যাচ্ছে গত দুই দশকের মধ্যে অন্যতম ভয়াবহ শৈত্যপ্রবাহ। সপ্তাহের শেষভাগে তীব্র ঠান্ডা ও প্রবল বাতাসের কারণে শহরজুড়ে জারি করা হয়েছে ‘এক্সট্রিম কোল্ড’ সতর্কতা—যা সাধারণত পাহাড়ি ও উচ্চভূমি এলাকায় দেওয়া হয়ে থাকে।
প্রচণ্ড ঠান্ডার সঙ্গে যোগ হয়েছে ঝোড়ো হাওয়া। ফলে তাপমাত্রা এক অঙ্কের নিচে নেমে যাওয়ার পাশাপাশি অনুভূত তাপমাত্রা দাঁড়িয়েছে প্রায় মাইনাস ১৪ ডিগ্রি ফারেনহাইটে। শহরের আশপাশের কিছু এলাকায় বাতাসের প্রভাবে ঠান্ডার তীব্রতা পৌঁছেছে মাইনাস ২০ থেকে ৩০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত।
আবহাওয়াবিদরা বলছেন, দীর্ঘ সময় ধরে চলা এই শীত নিউইয়র্কের আবহাওয়ার ইতিহাসে বিরল রেকর্ড তৈরি করতে পারে। টানা এই তীব্র ঠান্ডার মধ্যে শহরে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেশিরভাগ মৃত্যুর কারণ হাইপোথার্মিয়া।
পরিস্থিতি মোকাবিলায় মেয়র জোহারান মামদানি জরুরি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। এর আওতায় বাড়ানো হয়েছে আশ্রয়কেন্দ্র ও হোটেল কক্ষের সংখ্যা, চালু রাখা হয়েছে বিভিন্ন ওয়ার্মিং সেন্টার এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষদের দ্রুত নিরাপদ স্থানে নিতে আউটরিচ টিমের কার্যক্রম জোরদার করা হয়েছে।
আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, এমন প্রচণ্ড ঠান্ডা ও দমকা হাওয়ায় অল্প সময়ের জন্য বাইরে থাকাও জীবননাশের কারণ হতে পারে। তাই অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।