জুলাই অভ্যুত্থানের শহিদ কিশোর গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হতে যাওয়া সংসদের ওই অধিবেশনে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুধবার (১১ মার্চ) নূর মোহাম্মদ এ সংক্রান্ত আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন। রাজধানীর বনানী বিদ্যানিকেতন […]
ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের শহিদ কিশোর গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হতে যাওয়া সংসদের ওই অধিবেশনে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুধবার (১১ মার্চ) নূর মোহাম্মদ এ সংক্রান্ত আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন।
রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া গোলাম নাফিজ ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ফার্মগেটে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে একটি রিকশার পাদানিতে তুলে দেয়। তখনও নাফিজ রিকশার রড শক্ত করে ধরে ছিলেন।
রিকশাচালক নূর মোহাম্মদ দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ফার্মগেটের একটি হাসপাতালে ঢোকার সময় আওয়ামী লীগের কয়েকজন নেতা বাধা দেন বলে প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান। পরে তিনি নাফিজকে নিয়ে খামারবাড়ির দিকে রওনা দেন।
সে সময় দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক জীবন আহমেদ রিকশার পাদানিতে ঝুলে থাকা নাফিজের কয়েকটি ছবি তুলেছিলেন। ৪ আগস্ট দিবাগত রাতে পত্রিকার প্রথম পাতায় ছবিগুলো প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ছবি দেখেই নাফিজের পরিবার তার খোঁজ পায়।
ছবিতে রিকশার পেছনে থাকা একটি মোবাইল নম্বর দেখে পরিবারের সদস্যরা নূর মোহাম্মদের সন্ধান পান। পরে তিনি জানান, ওই দিন ফার্মগেট এলাকায় যাত্রী নিয়ে যাওয়ার সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়ে যান। তখন এক পুলিশ সদস্য তাকে ডাকলে অন্যরা আহত একজনকে তার রিকশায় তুলে দেয়। হাসপাতালে নিতে গিয়ে বাধার মুখে পড়ার পর খামারবাড়ি এলাকায় পৌঁছালে কয়েকজন নাফিজকে দ্রুত একটি অটোরিকশায় তুলে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর গত ৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের সেই রিকশাটি হস্তান্তর করা হয়। এর আগে এক ব্যবসায়ী ৩৫ হাজার টাকায় তার কাছ থেকে রিকশাটি কিনে নেন।