নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর কিছু ম্যাচ দেখার সুযোগ দিতে বিশেষ টিকিট লটারির ঘোষণা দিয়েছে সিটি প্রশাসন। এ কর্মসূচির আওতায় নির্বাচিত আবেদনকারীরা মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের ম্যাচের টিকিট কেনার সুযোগ পাবেন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য মোট এক হাজার সাশ্রয়ী টিকিট সংরক্ষণ করা হয়েছে। এসব টিকিট নিউ জার্সির […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর কিছু ম্যাচ দেখার সুযোগ দিতে বিশেষ টিকিট লটারির ঘোষণা দিয়েছে সিটি প্রশাসন। এ কর্মসূচির আওতায় নির্বাচিত আবেদনকারীরা মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের ম্যাচের টিকিট কেনার সুযোগ পাবেন।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য মোট এক হাজার সাশ্রয়ী টিকিট সংরক্ষণ করা হয়েছে। এসব টিকিট নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সাতটি ম্যাচের জন্য বরাদ্দ থাকবে। এর মধ্যে পাঁচটি গ্রুপ পর্বের এবং দুটি নকআউট পর্বের খেলা রয়েছে।
সিটি প্রশাসনের ঘোষণায় বলা হয়েছে, প্রতিটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ ডলার। তবে এই বিশেষ ব্যবস্থায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অন্তর্ভুক্ত নেই। নির্বাচিত দর্শকদের জন্য মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের জন্য বিনামূল্যে বাসসেবাও থাকবে।
লটারির আবেদন শুরু হবে আগামী ২৫ মে সকাল ১০টা থেকে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তবে নির্দিষ্ট ওয়েবসাইটের ঠিকানা পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এই সুযোগ শুধু নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য। আবেদনকারীদের পরিচয় ও ঠিকানা যাচাই করা হবে। প্রতিদিন একজন ব্যক্তি একবার করে আবেদন করতে পারবেন। একাধিক আবেদন করলে তা বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
লটারিতে নির্বাচিতদের সঙ্গে ইমেইল বা ফোনের মাধ্যমে যোগাযোগ করা হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে তারা টিকিট কেনার সুযোগ পাবেন।
মেয়র মামদানি বলেন, বিশ্বকাপের টিকিটের দাম অনেক মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই কর্মজীবী ও মধ্যবিত্ত ফুটবলপ্রেমীদের কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষায়, বহু মানুষ জীবনে অন্তত একবার বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখতে চান।
সাম্প্রতিক টিকিট তালিকা অনুযায়ী, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিছু ম্যাচের সাধারণ ক্যাটাগরির টিকিটের দাম ২২০ থেকে ৪১৫ ডলারের মধ্যে। পুনর্বিক্রির বাজারে এসব টিকিটের দাম আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘোষণা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় টিম ওয়ে এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ নিউ ইয়র্ক-নিউ জার্সি হোস্ট কমিটির প্রধান নির্বাহী অ্যালেক্স ল্যাসরিও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্বকাপ ঘিরে নিউইয়র্কের বহুজাতিক সম্প্রদায়ের আগ্রহও তুলে ধরা হয়।