নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ট্রাই-স্টেট এলাকায় আঘাত হেনেছে বিপজ্জনক আর্কটিক শৈত্যপ্রবাহ। হালকা তুষারপাতের পর মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা অনুভূত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। শনিবার ভোর পর্যন্ত হালকা তুষারপাত অব্যাহত থাকতে পারে, যা রাত ও সকালের দিকে সড়কপথকে পিচ্ছিল করে তুলবে। তুষারপাতের পরিমাণ সাধারণত কম থাকলেও লং আইল্যান্ড এবং উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় কয়েক […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ট্রাই-স্টেট এলাকায় আঘাত হেনেছে বিপজ্জনক আর্কটিক শৈত্যপ্রবাহ। হালকা তুষারপাতের পর মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা অনুভূত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।
শনিবার ভোর পর্যন্ত হালকা তুষারপাত অব্যাহত থাকতে পারে, যা রাত ও সকালের দিকে সড়কপথকে পিচ্ছিল করে তুলবে। তুষারপাতের পরিমাণ সাধারণত কম থাকলেও লং আইল্যান্ড এবং উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় কয়েক ইঞ্চি পর্যন্ত তুষার জমার আশঙ্কা রয়েছে।
তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো প্রবল শৈত্যপ্রবাহ। শনিবার সকালে তাপমাত্রা নেমে যেতে পারে এক অঙ্কে। তীব্র বাতাসের কারণে উইন্ড চিল মাইনাস ১০ থেকে ৩০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত অনুভূত হতে পারে, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। ঘণ্টায় ৪০ মাইলের বেশি গতির দমকা হাওয়া পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। এতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফ্রস্টবাইট ও হাইপোথার্মিয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এই পরিস্থিতিতে শনিবার ও রোববারের জন্য ট্রাই-স্টেট এলাকায় এক্সট্রিম কোল্ড ওয়ার্নিং জারি করেছে কর্তৃপক্ষ। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার, পর্যাপ্ত গরম পোশাক পরার এবং প্রতিবেশী, বয়স্ক ও গৃহহীনদের খোঁজখবর নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে চরম ঠান্ডায় গৃহহীনদের সুরক্ষায় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। স্কুল নার্স, বিজনেস ইমপ্রুভমেন্ট ডিস্ট্রিক্ট এবং নতুন ‘পিয়ার আউটরিচ’ পাইলট কর্মসূচির মাধ্যমে রাস্তায় থাকা মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।
‘পিয়ার আউটরিচ’ কর্মসূচিতে আগে গৃহহীন ছিলেন—এমন ব্যক্তিরা দল গঠন করে বর্তমানে গৃহহীনদের নিরাপদ আশ্রয়ে যেতে উদ্বুদ্ধ করবেন।
মেয়র মামদানি জানান, ৩১১ নম্বরে কল করার সময় ‘কোল্ড ব্লু’ জরুরি সেবায় পৌঁছাতে দেরির অভিযোগ পাওয়ার পর কল ম্যানুতে পরিবর্তন আনা হয়েছে, যাতে দ্রুত সেবা নিশ্চিত করা যায়।
তিনি আরও জানান, চলমান শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত বাইরে অবস্থানরত ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জন হাইপোথার্মিয়ায়, তিনজন মাদক অতিরিক্ত সেবনে এবং একজনের মৃত্যুর কারণ এখনো তদন্তাধীন।
নগর কর্তৃপক্ষ সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি জরুরি প্রয়োজনে দ্রুত সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।