নিউইয়র্ক সিটির কিউ৮ বাস রুটে এবার স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগ শুরু হচ্ছে। বাস চলাচলে বাধা সৃষ্টি করা, বাস স্টপে অবৈধভাবে গাড়ি রাখা, ডাবল পার্কিং এবং অনুমতি ছাড়া বাস লেন বা বাসওয়ে ব্যবহার করলে ক্যামেরার মাধ্যমে গাড়ি শনাক্ত করে জরিমানা করা হবে। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) জানিয়েছে, শুক্রবার থেকে কিউ৮ রুটে এই স্বয়ংক্রিয় ক্যামেরা […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির কিউ৮ বাস রুটে এবার স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগ শুরু হচ্ছে। বাস চলাচলে বাধা সৃষ্টি করা, বাস স্টপে অবৈধভাবে গাড়ি রাখা, ডাবল পার্কিং এবং অনুমতি ছাড়া বাস লেন বা বাসওয়ে ব্যবহার করলে ক্যামেরার মাধ্যমে গাড়ি শনাক্ত করে জরিমানা করা হবে।
মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) জানিয়েছে, শুক্রবার থেকে কিউ৮ রুটে এই স্বয়ংক্রিয় ক্যামেরা এনফোর্সমেন্ট কার্যক্রম চালু হচ্ছে। ফলে ঘটনাস্থলে কোনো ট্রাফিক পুলিশ সদস্য উপস্থিত না থাকলেও বাসে স্থাপিত ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা সম্ভব হবে।
কিউ৮ বাসটি কুইন্সের জ্যামাইকা বাস টার্মিনাল থেকে ব্রুকলিনের গেটওয়ে মল পর্যন্ত চলাচল করে। ১০১তম অ্যাভিনিউ হয়ে দুই বরোর মধ্যে যাতায়াতকারী এই রুটে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী চলাচল করেন। ব্যস্ত সড়কে যানজট কমানো এবং বাস চলাচল স্বাভাবিক রাখতেই নতুন এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো গাড়ি অবৈধভাবে বাস লেন ব্যবহার করলে কিংবা বাস চলাচলে বাধা সৃষ্টি করে পার্ক করা হলে প্রথমবার ৫০ ডলার জরিমানা হতে পারে।
একই গাড়ি বারবার আইন ভাঙলে জরিমানার পরিমাণ ধাপে ধাপে বাড়বে। পুনরাবৃত্ত অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
এমটিএর কর্মকর্তাদের মতে, এই কর্মসূচির উদ্দেশ্য শুধু জরিমানা আদায় করা নয়। বাস লেন ও বাস স্টপে ব্যক্তিগত গাড়ির অবৈধ ব্যবহার কমিয়ে বাসের গতি বাড়ানো এবং যাত্রীদের যাতায়াতের সময় কমানোই এর অন্যতম প্রধান লক্ষ্য।
বাস স্টপ বা নির্দিষ্ট বাস লেন অন্য গাড়ির দখলে থাকলে বাস চালকদের বাধ্য হয়ে পাশের লেনে যেতে হয়। এতে বাসের গতি কমে যাওয়ার পাশাপাশি যানজট তৈরি হয় এবং যাত্রী ওঠানামার সময়ও বেড়ে যায়।
এ ছাড়া বাসকে নির্ধারিত লেনের বাইরে যেতে হলে অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিও বাড়তে পারে। এমটিএর দাবি, স্বয়ংক্রিয় ক্যামেরা ব্যবহারের ফলে এ ধরনের অবৈধ পার্কিং ও বাস লেন দখলের প্রবণতা কমবে।
চলতি বছরে নিউইয়র্ক সিটির ১৪তম বাস রুট হিসেবে কিউ৮-এ এই ক্যামেরা এনফোর্সমেন্ট ব্যবস্থা যুক্ত হচ্ছে। ফলে কিউ৮ রুট ও এর আশপাশে গাড়ি চালানো বা পার্কিংয়ের সময় চালকদের বাস লেন, বাস স্টপ এবং পার্কিংসংক্রান্ত নিয়ম আরও সতর্কভাবে মেনে চলতে হবে।
ক্যামেরায় আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়লে চালক বা গাড়ির মালিকের কাছে জরিমানার নোটিশ পাঠানো হবে।