যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাইমস স্কয়ারে গোলাগুলির ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করেন। বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় সময় বিকেলে টাইমস স্কয়ারের ব্রডওয়ে ও ওয়েস্ট ৪৪ এবং ৪৫ নম্বর স্ট্রিটের […]
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাইমস স্কয়ারে গোলাগুলির ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় সময় বিকেলে টাইমস স্কয়ারের ব্রডওয়ে ও ওয়েস্ট ৪৪ এবং ৪৫ নম্বর স্ট্রিটের মধ্যবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, প্রথমে একটি বড় দলের সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষের একপর্যায়ে ২৬ বছর বয়সী এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এরপর একই দলের দিকে লক্ষ্য করে ১৭ বছর বয়সী এক কিশোর গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হলেও তার বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।
এনওয়াইপিডি আরও জানিয়েছে, কিছু সময় পর ওয়েস্ট ৪৫ স্ট্রিট ও এইথ অ্যাভিনিউ এলাকায় দ্বিতীয় দফায় গুলির ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত কোনো ব্যক্তি গুলিবিদ্ধ হননি। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার পরপরই টাইমস স্কয়ারের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তদন্তকারীরা ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি নীল রঙের হুন্ডাই গাড়ি পরীক্ষা করেন। গাড়ির মালিক দাবি করেছেন, গোলাগুলির সময় কোনো একটি বস্তু তার গাড়িতে আঘাত করেছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন এমন আরও কয়েকজনকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই টাইমস স্কয়ারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানুষ দ্রুত আশপাশের দোকান, রেস্তোরাঁ ও ভবনের ভেতরে আশ্রয় নিতে শুরু করেন। অনেককে মেঝেতে শুয়ে থাকতে দেখা যায়।
একজন স্থানীয় বিক্রেতা বলেন, তিনি তখন একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে চারদিকে মানুষকে দৌড়াতে দেখেন। তার ভাষায়, “টাইমস স্কয়ার বিশ্বের অন্যতম বড় পর্যটন এলাকা। এখানে এমন ঘটনা সবাইকে উদ্বিগ্ন করে তোলে।”
পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে।
সূত্র: সিবিএস নিউজ