সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৫:২১ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬

নিউইয়র্কের ব্রঙ্কসে পৃথক সহিংসতায় চারজন নিহত, গুলিতে প্রাণ গেল সন্দেহভাজনেরও

নিউইয়র্কের ব্রঙ্কসে তিন দিনের ব্যবধানে পৃথক সহিংসতার ঘটনায় চারজন নিহত হয়েছেন। ১৪ থেকে ১৬ নভেম্বরের এসব ঘটনায় গুলি, ছুরিকাঘাত ও মারধরের ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার কো-অপ সিটিতে ওয়েলনেস চেক করতে গিয়ে গুলিবিদ্ধ হন দুই নিরাপত্তা কর্মকর্তা। পরে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো ৫৬ বছর বয়সী সন্দেহভাজনকে একটি অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। সোমবার বেলা ১১টা […]

নিউইয়র্কের ব্রঙ্কসে পৃথক সহিংসতায় চারজন নিহত, গুলিতে প্রাণ গেল সন্দেহভাজনেরও

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের ব্রঙ্কসে তিন দিনের ব্যবধানে পৃথক সহিংসতার ঘটনায় চারজন নিহত হয়েছেন। ১৪ থেকে ১৬ নভেম্বরের এসব ঘটনায় গুলি, ছুরিকাঘাত ও মারধরের ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার কো-অপ সিটিতে ওয়েলনেস চেক করতে গিয়ে গুলিবিদ্ধ হন দুই নিরাপত্তা কর্মকর্তা। পরে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো ৫৬ বছর বয়সী সন্দেহভাজনকে একটি অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়।

সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ব্রঙ্কসের ৪২৪০ হাচিনসন রিভার পার্কওয়ে ইস্টের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। কো-অপ সিটি পাবলিক সেফটি বিভাগের দুই কর্মকর্তা এক বাসিন্দার শারীরিক ও মানসিক সুস্থতার অবস্থা যাচাই করতে গেলে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দুজনই আহত হন। তাঁদের একজনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল।

পুলিশ জানায়, গুলি চালানোর পর সন্দেহভাজন ব্যক্তি ভবনটির ২৫ তলার একটি অ্যাপার্টমেন্টে নিজেকে অবরুদ্ধ করে রাখেন। পরে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বিশেষ বাহিনী অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তাঁকে মৃত অবস্থায় পায়। তাঁর শরীরে নিজের ছোড়া গুলির ক্ষত ছিল। পরে তাঁর পরিচয় ৫৬ বছর বয়সী টেরি ড্যানিয়েল হিসেবে শনাক্ত করা হয়। কী কারণে তিনি নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন, তা তদন্ত করছে পুলিশ।

এর আগে একই দিন ভোর ৫টা ১৯ মিনিটে ব্রঙ্কসের মেলরোজ এলাকায় ২৯৫০ পার্ক অ্যাভিনিউয়ের একটি আবাসিক ভবনের সিঁড়িতে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে লিংকন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফোর্ডহাম হাইটস এলাকার ২২৬৮ ওয়েবস্টার অ্যাভিনিউয়ে একটি দোকানের সামনে ছুরিকাঘাতে নিহত হন ২৫ বছর বয়সী কেলভিন ডোজিয়ার। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর পেটে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। একই ঘটনায় ২৪ বছর বয়সী এক নারীও বাম পায়ে ছুরিকাঘাতে আহত হন। দুজনকে সেন্ট বার্নাবাস হাসপাতালে নেওয়া হলে ডোজিয়ারকে মৃত ঘোষণা করা হয়। আহত নারীর অবস্থা স্থিতিশীল ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে খুঁজছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) ব্রঙ্কসের নরউড এলাকার ৩৩১৭ পার্কসাইড প্লেসের একটি অ্যাপার্টমেন্টে ২৬ বছর বয়সী লামন্ট পিটম্যানকে ছুরিকাঘাতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর পিঠে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় তদন্ত চলছে।

একই দিন হান্টস পয়েন্ট এলাকার ৭৫৪ মানিডা স্ট্রিটের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী কারমেন নুনেজকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর ৩৫ বছর বয়সী ভাগনে জশুয়া নুনেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড ও হামলার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় বাসিন্দারা কারমেনকে এলাকার পরিচিত ও পরোপকারী নারী হিসেবে বর্ণনা করেছেন।

এ ছাড়া শনিবার সন্ধ্যায় কনকোর্স এলাকার ৭৩১ জেরার্ড অ্যাভিনিউয়ের কাছে ২৬ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁর পেটে গুলি লাগে। তাঁকে লিংকন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানান। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রঙ্কসের বিভিন্ন এলাকায় ধারাবাহিক এসব সহিংসতার ঘটনায় কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার পাশাপাশি একাধিক ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাগুলোর তদন্ত করছে পুলিশ।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ