সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:৩৩ পিএম, ১২ আগস্ট ২০২৬

নিউইয়র্কে আইসের বৈদ্যুতিক শক গ্লাভস নিয়ে আইনি সতর্কতা, মানবাধিকার কর্মীদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইস) কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক শকযুক্ত বিশেষ গ্লাভস কেনার পরিকল্পনা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে নিউইয়র্কে এসব গ্লাভস ব্যবহার করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হকুল ও অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। আইসের পরিকল্পনা অনুযায়ী, আগামী মার্চের মধ্যে কর্মকর্তাদের […]

নিউইয়র্কে আইসের বৈদ্যুতিক শক গ্লাভস নিয়ে আইনি সতর্কতা, মানবাধিকার কর্মীদের উদ্বেগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইস) কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক শকযুক্ত বিশেষ গ্লাভস কেনার পরিকল্পনা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে নিউইয়র্কে এসব গ্লাভস ব্যবহার করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হকুল ও অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

আইসের পরিকল্পনা অনুযায়ী, আগামী মার্চের মধ্যে কর্মকর্তাদের ব্যবহারের জন্য হাজার হাজার বিশেষ গ্লাভস কেনা হতে পারে। এ প্রকল্পে ব্যয় হতে পারে ১ থেকে ২ কোটি ডলার। সংস্থাটি বলছে, গ্রেপ্তারের সময় কেউ বাধা দিলে বা আক্রমণাত্মক আচরণ করলে তাকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনতেই এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

‘জি.এল.ও.ভি.ই.’ (G.L.O.V.E.) নামে পরিচিত এই গ্লাভসের পূর্ণরূপ ‘জেনারেটেড লো আউটপুট ভোল্টেজ এমিটার’। কেনটাকির লেক্সিংটনভিত্তিক একটি প্রতিষ্ঠান এটি তৈরি করছে। দেখতে সাধারণ কাজের গ্লাভসের মতো হলেও এতে একটি বৈদ্যুতিক সুইচ রয়েছে। সেটি সক্রিয় করলে গ্লাভসের মাধ্যমে বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয় এবং সরাসরি শরীরে স্পর্শ করলে তীব্র ব্যথার অনুভূতি হতে পারে।

নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এই ব্যথা কয়েক সেকেন্ডের মধ্যে আক্রমণাত্মক ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনতে সহায়তা করতে পারে। বিশেষ করে শারীরিকভাবে দুর্বল বা বয়স্ক কর্মকর্তাদের জন্য এটি ধস্তাধস্তি এড়ানোর একটি বিকল্প ব্যবস্থা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে আইসের এই উদ্যোগ নিয়ে মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ (এসিএলইউ) বিভিন্ন সংগঠনের অভিযোগ, অভিবাসনবিষয়ক অভিযানে আইস কর্মকর্তাদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ আগে থেকেই রয়েছে। তাদের আশঙ্কা, কর্মকর্তাদের হাতে সরাসরি বৈদ্যুতিক শক দেওয়ার এমন সরঞ্জাম থাকলে এর অপব্যবহারের ঝুঁকি তৈরি হতে পারে।

নির্মাতা প্রতিষ্ঠান অবশ্য জানিয়েছে, গ্লাভসটি শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের ওপরও এটি ব্যবহার না করার নির্দেশনা রয়েছে। এ ছাড়া কর্মকর্তাদের নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং প্রতি দুই বছর পরপর তাদের ব্যবহারের জন্য পুনরায় সনদ নিতে হবে।

নিউইয়র্কে ব্যবহারে মামলা হতে পারে

আইসের পরিকল্পনা নিয়ে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়াগুলোর একটি এসেছে নিউইয়র্ক থেকে। গভর্নর ক্যাথি হকুল ও অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছেন, নিউইয়র্কে এসব গ্লাভস ব্যবহার করলে তা অঙ্গরাজ্যের নতুন আইনি সুরক্ষা ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

বুধবার এক সংবাদ সম্মেলনে হকুল বলেন, কারও সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা বা অপ্রয়োজনীয় ক্ষতি করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে। নিউইয়র্কে কার্যকর নতুন আইনি সুরক্ষাগুলো বৈদ্যুতিক গ্লাভস ব্যবহারের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান, তার দপ্তর আইসের বৈদ্যুতিক গ্লাভস ব্যবহারের পরিকল্পনা পর্যালোচনা করছে। প্রাথমিকভাবে তার ধারণা, নিউইয়র্কে এ ধরনের সরঞ্জাম ব্যবহারের পরিকল্পনা অঙ্গরাজ্যের একাধিক আইন লঙ্ঘন করতে পারে।

তিনি আরও সতর্ক করে বলেন, কোনো নিউইয়র্কবাসী এসব গ্লাভস ব্যবহারের কারণে আহত হলে অঙ্গরাজ্য সরকার সংশ্লিষ্ট ফেডারেল সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে।

গ্লাভস তৈরিকারী প্রতিষ্ঠানটি কেনটাকির লেক্সিংটনে অবস্থিত। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

অভিবাসন অভিযান ঘিরে নতুন বিতর্ক

হোয়াইট হাউসের চাপের মধ্যে আইস যখন দেশজুড়ে অভিবাসনবিরোধী অভিযান জোরদার করেছে, ঠিক সেই সময়েই বৈদ্যুতিক গ্লাভস কেনার পরিকল্পনার বিষয়টি সামনে এলো। প্রতিদিন বিপুলসংখ্যক অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্য পূরণে সংস্থাটির অভিযান নিয়ে ইতোমধ্যে ব্যাপক বিতর্ক রয়েছে।

সাম্প্রতিক সময়ে আইসের অভিযানে কয়েকটি প্রাণঘাতী ঘটনাও ঘটেছে। গত মাসে বডি ক্যামেরা ছাড়া আইস কর্মকর্তাদের গুলিতে দুই অভিবাসীর মৃত্যুর ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) প্রতিশ্রুতি দেয়, আইসের প্রতিটি গ্রেপ্তারকারী দলের অন্তত একজন কর্মকর্তার কাছে বডি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করা হবে।

এদিকে নিউইয়র্কে আইসের সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কিছু দেওয়ানি প্রয়োগসংক্রান্ত চুক্তি বাতিলের বিষয়টিও সামনে এসেছে। নতুন আইনের আওতায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ২৪ আগস্টের মধ্যে এসব চুক্তি শেষ করতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার ঝুঁকি রয়েছে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জুলাই পর্যন্ত নিউইয়র্কের প্রায় এক ডজন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে আইসের এ ধরনের চুক্তি ছিল। এর মধ্যে নাসাউ কাউন্টিও রয়েছে।

ফলে একদিকে আইসের অভিবাসন অভিযান আরও জোরদার হচ্ছে, অন্যদিকে কর্মকর্তাদের হাতে বৈদ্যুতিক শকযুক্ত গ্লাভস দেওয়ার পরিকল্পনা নিয়ে মানবাধিকার, সাংবিধানিক অধিকার ও অঙ্গরাজ্যীয় আইনের প্রশ্ন সামনে এসেছে। নিউইয়র্কে এসব সরঞ্জাম ব্যবহার আদৌ বৈধ হবে কি না, তা এখন অঙ্গরাজ্য কর্তৃপক্ষের পর্যালোচনার ওপর নির্ভর করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ