নিউইয়র্ক সিটির সরকারি খাদ্য কর্মসূচিতে ধর্মীয় বিধিনিষেধ মেনে কোশার ও হালাল খাবারের প্রাপ্যতা বাড়াতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মেয়র জোহরান মামদানি। বুধবার (১৮ নভেম্বর) স্বাক্ষরিত এ আদেশের মাধ্যমে শহরের বিভিন্ন সরকারি সংস্থার খাদ্য সরবরাহে ধর্মীয় খাদ্যাভ্যাসের বিষয়টি আরও নিয়মতান্ত্রিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। মামদানির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে নিউইয়র্কের একাধিক ইহুদি সংগঠন। নিউইয়র্ক সিটি হলের […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির সরকারি খাদ্য কর্মসূচিতে ধর্মীয় বিধিনিষেধ মেনে কোশার ও হালাল খাবারের প্রাপ্যতা বাড়াতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মেয়র জোহরান মামদানি। বুধবার (১৮ নভেম্বর) স্বাক্ষরিত এ আদেশের মাধ্যমে শহরের বিভিন্ন সরকারি সংস্থার খাদ্য সরবরাহে ধর্মীয় খাদ্যাভ্যাসের বিষয়টি আরও নিয়মতান্ত্রিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। মামদানির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে নিউইয়র্কের একাধিক ইহুদি সংগঠন।
নিউইয়র্ক সিটি হলের তথ্য অনুযায়ী, শহরের বিভিন্ন সরকারি সংস্থা প্রতিবছর শিক্ষার্থী, হাসপাতালের রোগী, প্রবীণ নাগরিক ও গৃহহীনদের আশ্রয়কেন্দ্রের বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ২২ কোটির বেশি খাবার ও নাশতা সরবরাহ করে। এসব কর্মসূচিতে ধর্মীয় বিধিনিষেধ মেনে খাবার পাওয়ার সুযোগ থাকলেও তা সব ক্ষেত্রে একরকম নয়।
নতুন নির্বাহী আদেশে মেয়রের ‘অফিস অব ফুড পলিসি’কে আগামী এক বছরের মধ্যে এ বিষয়ে একটি নির্দেশিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এতে কোশার ও হালাল খাবারের স্বীকৃত সনদ, খাবার ও উপাদানের স্পষ্ট লেবেল এবং ধর্মীয় খাদ্যবিধি অনুসরণকারী ব্যক্তিদের মতামত জানতে বার্ষিক জরিপের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
নির্দেশিকাটি ২০২৭ সালের ১৭ নভেম্বরের মধ্যে প্রকাশ করার কথা। এরপর সরকারি সংস্থাগুলোকে তা বাস্তবায়নে যথাসাধ্য পদক্ষেপ নিতে হবে। তবে নতুন নির্দেশিকা তৈরির আগেই সব সরকারি প্রতিষ্ঠানে কোশার ও হালাল খাবার নিশ্চিত হয়ে যাচ্ছে—বিষয়টি এমন নয়।
মামদানি বলেছেন, সরকারি খাবার কোনো নিউইয়র্কবাসীর ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হলে তাঁকে যেন তা ফিরিয়ে দিতে না হয়। শহরের খাদ্য কর্মসূচিতে পুষ্টিকর খাবারের পাশাপাশি মানুষের ধর্মীয় অনুশাসনের বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি বলে উল্লেখ করেন তিনি।
ইহুদি সংগঠনগুলোর প্রশংসা
মামদানির উদ্যোগের প্রশংসা করেছে ইউজেএ-ফেডারেশন অব নিউইয়র্ক। সংগঠনটির প্রতিনিধি ড্যানিয়েল রোজেনথাল বলেন, শহরের সরকারি কর্মসূচি ও সেবার ওপর নির্ভরশীল অনেক নিউইয়র্কবাসীর জন্য ধর্মীয় বিধিনিষেধ মেনে তৈরি খাবার পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পদক্ষেপ নেওয়ায় সিটি হলকে ধন্যবাদ জানান তিনি।
অন্যদিকে, অ্যাগুদাথ ইসরায়েল অব আমেরিকার নিউইয়র্কবিষয়ক সরকারি সম্পর্ক পরিচালক রাব্বি ইয়েরুচিম সিলবার বলেন, সব নিউইয়র্কবাসীরই সমান সেবা পাওয়ার অধিকার রয়েছে। সিটি প্রশাসনের খাদ্য কর্মসূচিতে কোশার খাবার সরবরাহের পরিকল্পনাকে তাঁরা স্বাগত জানান।
ইহুদি সংগঠনগুলোর পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সরকারি খাদ্য কর্মসূচিতে ধর্মীয় বিধিনিষেধ মেনে খাবার সরবরাহ নিশ্চিত করা গেলে খাদ্যসহায়তা গ্রহণকারীদের জন্য তা আরও সহজলভ্য হবে।
মামদানির নির্বাহী আদেশটি এমন সময়ে এল, যখন শহরের খাদ্য কর্মসূচিতে ধর্মীয় খাদ্যবিধি অনুসরণের বিষয়টি নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি রয়েছে। নতুন নির্দেশিকা কীভাবে তৈরি ও বাস্তবায়ন করা হয়, তার ওপরই নির্ভর করবে সরকারি খাদ্যসেবায় এই উদ্যোগের বাস্তব প্রভাব।
সূত্র: নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয় ও দ্য টাইমস অব ইসরায়েল।