যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইয়ংকার্স শহরের একটি স্কুলে শ্বাসরোধ হয়ে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনাটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের একটি চ্যালেঞ্জের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম জ্যাকব মেদিনা। তিনি ইয়ংকার্সের সোনিয়া সোটোমায়র কমিউনিটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। বুধবার সকালে ক্লাসে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইয়ংকার্স শহরের একটি স্কুলে শ্বাসরোধ হয়ে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনাটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের একটি চ্যালেঞ্জের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করছে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম জ্যাকব মেদিনা। তিনি ইয়ংকার্সের সোনিয়া সোটোমায়র কমিউনিটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। বুধবার সকালে ক্লাসে যাওয়ার পথে স্কুলের করিডরে তিনি শ্বাসরোধে আক্রান্ত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জ্যাকব একটি ডোনাট খাওয়ার সময় শ্বাসরোধে আক্রান্ত হন। স্কুল কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় একজন প্রাপ্তবয়স্ক তার কাছেই ছিলেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে আরও কয়েকজন কর্মী এগিয়ে এসে জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ইয়ংকার্স পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট আনিবাল সোলার জুনিয়র বলেন, শিক্ষার্থীকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে সব ধরনের জীবনরক্ষাকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এদিকে, ঘটনাটি টিকটকে প্রচলিত তথাকথিত “ওয়ান বাইট” চ্যালেঞ্জের সঙ্গে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের অনলাইন ট্রেন্ডে অংশগ্রহণকারীরা একবারে বেশি পরিমাণ খাবার খাওয়ার চেষ্টা করেন।
ইয়ংকার্স পুলিশের কমিশনার ক্রিস্টোফার সাপিয়েঞ্জা বলেন, “টিকটক চ্যালেঞ্জের বিষয়টি থেকে শুরু করে সাক্ষীদের বক্তব্য—সবকিছুই আমরা তদন্ত করছি।”
তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো অনলাইন চ্যালেঞ্জের সঙ্গে ঘটনার সরাসরি সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকারীরা জ্যাকবের স্বাস্থ্যগত ইতিহাস, সম্ভাব্য অ্যালার্জি এবং ঘটনার অন্যান্য দিকও পর্যালোচনা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের একটি তহবিল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে জ্যাকব ওই ডোনাটটি কিনে থাকতে পারেন।
ঘটনার পর স্কুলের সামনে পরিবার, বন্ধু ও প্রতিবেশীরা ফুল ও মোমবাতি রেখে শ্রদ্ধা জানান। শিক্ষক ও সহপাঠীরা তাকে প্রাণবন্ত, হাসিখুশি এবং সবার প্রিয় একজন শিক্ষার্থী হিসেবে স্মরণ করেছেন।
স্কুল সুপারিনটেনডেন্ট আনিবাল সোলার জুনিয়র বলেন, “সে ছিল আমাদের স্কুল পরিবারের উজ্জ্বল একটি আলো। সবাই তাকে ভালোবাসত।”
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।