যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে পারিবারিক সহিংসতার অভিযোগ তদন্তে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত ৩৩ বছর বয়সী মিনহাজ সিদ্দিকীর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাদের হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে মঙ্গলবার বিকেল ২টার দিকে শেরম্যান স্ট্রিটের একটি বাসা থেকে ৯১১ নম্বরে জরুরি কল আসে। অভিযোগকারী নারী জানান, […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে পারিবারিক সহিংসতার অভিযোগ তদন্তে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত ৩৩ বছর বয়সী মিনহাজ সিদ্দিকীর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাদের হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
গত সপ্তাহে মঙ্গলবার বিকেল ২টার দিকে শেরম্যান স্ট্রিটের একটি বাসা থেকে ৯১১ নম্বরে জরুরি কল আসে। অভিযোগকারী নারী জানান, তার স্বামী তাকে হত্যার হুমকি দিয়েছেন, মোবাইল ফোন কেড়ে নিয়েছেন, একটি কক্ষে আটকে রেখেছেন এবং যৌন নির্যাতনের চেষ্টা করেছেন।
বাফেলো পুলিশ কমিশনার এরিকা শিল্ডস জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় কর্মকর্তাদের সাইরেন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাসা থেকে কয়েকজনকে বের হতে দেখে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিনহাজ সিদ্দিকীর মুখোমুখি হয়।
পুলিশের বডি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রান্নাঘরে অবস্থান নেওয়া মিনহাজ সিদ্দিকী পুলিশের নির্দেশ অমান্য করেন। তাকে আটক করার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মিনহাজ সিদ্দিকী মোট আট রাউন্ড গুলি ছোড়েন। জবাবে পুলিশ তিন রাউন্ড গুলি চালায়।
এ ঘটনায় বাফেলো পুলিশ বিভাগের কর্মকর্তা মার্ক হার্স্ট হাতে ও পায়ে একাধিকবার গুলিবিদ্ধ হন। তার বুলেটপ্রুফ ভেস্টেও দুটি গুলি লাগে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি এরি কাউন্টি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ মিনহাজ সিদ্দিকীকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমিশনার শিল্ডস বলেন, “আমরা সৌভাগ্যবান যে কোনো পুলিশ সদস্যকে কর্তব্যরত অবস্থায় হারাতে হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কর্মকর্তা হার্স্টকে আঘাত করা গুলিগুলো মিনহাজ সিদ্দিকীর অস্ত্র থেকেই ছোড়া হয়েছিল।”
তিনি আরও জানান, তদন্তকারীরা সিদ্দিকীর আরেকটি ঠিকানায় তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন।
পুলিশ কমিশনার অভিযোগকারী নারীকে পারিবারিক সহিংসতার শিকার উল্লেখ করে বলেন, তার ৯১১ কলের অডিওতে আতঙ্ক ও অসহায়ত্ব স্পষ্ট ছিল। ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি পেয়েছে বলেও জানান তিনি।
বর্তমানে বাফেলো পুলিশ বিভাগের হোমিসাইড ইউনিট, ইন্টারনাল অ্যাফেয়ার্স বিভাগ এবং এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে।
সূত্র: আওয়াজবিডি