যুক্তরাষ্ট্রে আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিউইয়র্কে টিকিট লটারির নিবন্ধনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০টায় নিবন্ধন শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই দৈনিক নির্ধারিত আবেদনসীমা পূর্ণ হয়ে যায়। এরপর নতুন আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির উদ্যোগে সাধারণ বাসিন্দাদের জন্য স্বল্পমূল্যে বিশ্বকাপ ম্যাচের টিকিট নিশ্চিত করতে এই লটারির […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিউইয়র্কে টিকিট লটারির নিবন্ধনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০টায় নিবন্ধন শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই দৈনিক নির্ধারিত আবেদনসীমা পূর্ণ হয়ে যায়। এরপর নতুন আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির উদ্যোগে সাধারণ বাসিন্দাদের জন্য স্বল্পমূল্যে বিশ্বকাপ ম্যাচের টিকিট নিশ্চিত করতে এই লটারির আয়োজন করা হয়। মেয়রের কার্যালয়ের এক মুখপাত্র জানান, নিবন্ধন শুরুর সঙ্গে সঙ্গেই বিপুলসংখ্যক মানুষ ওয়েবসাইটে ঢুকলে দ্রুতই নির্ধারিত সীমা পূর্ণ হয়ে যায়।
এই কর্মসূচির আওতায় নিউইয়র্ক সিটি প্রশাসন মোট ১ হাজারটি বিশ্বকাপ টিকিট সংগ্রহ করেছে। প্রতিটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ ডলার, যা আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অনেক কম। লটারিতে নির্বাচিত ব্যক্তিরা সর্বোচ্চ দুটি টিকিট কেনার সুযোগ পাবেন।
এ ছাড়া নির্বাচিত দর্শকদের জন্য নিউইয়র্ক থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত বিনামূল্যে বাসসেবার ব্যবস্থাও রাখা হয়েছে। এই স্টেডিয়ামে বিশ্বকাপের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপ সামনে রেখে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আগ্রহ ক্রমেই বাড়ছে। কম দামে টিকিট পাওয়ার সুযোগ থাকায় সাধারণ মানুষের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই লটারি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এত অল্প সময়ে নিবন্ধন বন্ধ হয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বেশি টিকিট বরাদ্দের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। আয়োজক শহরগুলোতে ইতোমধ্যে নিরাপত্তা, পরিবহন ও দর্শকসেবা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে।